বলিউডের অন্যতম সফল সিনেমা পরিচালক সঞ্জয় গাদভি। ‘‌ধুম’ ও ‘‌ধুম টু’ পরিচালনা করে খ্যাতি পেয়েছিলেন। হার্ট অ্যাটাক করে গতকাল সকালে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস সঞ্জয়ের বড় মেয়ে সানজিনার বরাত দিয়ে মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। বাবার মৃত্যু সম্পর্কে তিনি বলেন, ‌‘আজ সকাল সাড়ে ৯টায় বাড়িতেই বাবা শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই কীভাবে তিনি মারা গেছেন, এটি সম্ভবত হার্ট অ্যাটাক। তবে বাবা অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।’

অন্যান্য গণমাধ্যম থেকে জানা যায়, গতকাল সকালে হাঁটতে বেরিয়েছিলেন সঞ্জয়। এ সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। দ্রুতই তাকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সঞ্জয়ের মৃত্যুর খবর সবার আগে নিশ্চিত করেন প্রযোজক বনি কাপুর। তার বয়স হয়েছিল ৫৭ বছর। মাত্র তিনদিন পরই ছিল তার জন্মদিন (২২ নভেম্বর)। কিন্তু তা আর দেখতে পারলেন না তিনি। 

বলিউডে সঞ্জয় গাদভি খুবই পরিচিত একটি নাম। ধুম দিয়েই মূলত তিনি আলোচনায় এসেছিলেন। তবে দুই দশকের ক্যারিয়ারে সিনেমা নির্মাণ করেছেন খুবই কম। ২০০১ সালে ‘‌তেরে লিয়ে’ পরিচালনা দিয়ে অভিষেক হয়। ২০০২ সালে নির্মাণ করেন ‘‌মেরে ইয়ার কি শাদি হ্যায়’। উদয় চোপড়া, টিউলিপ যোশী, জিমি শিরগিল অভিনীত সিনেমাটি সাফল্যের মুখ দেখে। এরপর ২০০৪ ও ২০০৬ সালে যথাক্রমে ধুম ও ‌ধুম টু। কিন্তু এরপর সে হিসেবে সাফল্য পাননি। ২০০৮ সালে নির্মাণ করেন ‘‌কিডন্যাপ’। ২০১২ সালে ‘‌আজব গজব লাভ’ ও তারপর দীর্ঘ বিরতি দিয়ে ২০২০ সালে ‘‌অপারেশন পারিন্দে’। কোনোটিই বক্স অফিসে সাফল্য পায়নি। কিন্তু ধুমের জন্য তিনি বলিউডে অনেকের কাছেই স্মরণীয়।

সঞ্জয়ের মৃত্যু খবরে শোক প্রকাশ করেছেন পরিচালক কুনাল কোহলি, সঞ্জয় গুপ্তসহ আরো অনেকে। বলিউডে শোকের ছায়া নেমে এসেছে সঞ্জয়ের মৃত্যুতে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস