হলিউড তারকা নিকোল কিডম্যান। গোল্ডেন গ্লোব, ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড, অস্কার—কী নেই তার ঝুলিতে! এ বছর সে তালিকায় যুক্ত হয়েছে এএফআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও। তবে তার পরও তার কাজের প্রতি সামান্যতম শিথিলতা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি পরিচালক মার্টিন স্করসিসের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এটি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে তার সংশয়ও রয়েছে। বিনোদন গণমাধ্যম ভ্যানিটি ফেয়ারের সঙ্গে আলাপচারিতায় কিডম্যান বলেন, ‘আমি সবসময় বলেছি, যদি স্করসেসি নারীকেন্দ্রিক কোনো ছবি করেন, তবে আমি তার সঙ্গে কাজ করতে চাই।’ কিডম্যান এ বক্তব্যের মধ্য দিয়ে যেন মেরিল স্ট্রিপের ২০১১ সালে করা একটি মন্তব্যের প্রতিধ্বনি করছেন। সে সময় স্ট্রিপ বলেছিলেন, ‘আমি চাই স্করসেসি মাঝে মাঝে একজন নারী চরিত্রের প্রতি আগ্রহ দেখান, কিন্তু জানি না আমি এতদিন বাঁচব কিনা।’
স্করসেসি এ মাসে ৮২ বছর বয়সে পা রাখলেন। রবার্ট ডি নিরো, লিওনার্দো ডিক্যাপ্রিও ও ড্যানিয়েল ডি লুইসের মতো অভিনেতাদের সঙ্গে তার কাজ করার ইতিহাস দীর্ঘ। নারী নেতৃত্বাধীন বা গুরুত্বপূর্ণ নারী চরিত্রের ওপর ভিত্তি করে কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা তৈরি করেছেন। সে তালিকায় রয়েছে ‘বক্সকার বার্থা’ (১৯৭২) ও ‘অ্যালিস ডাজ়ন’ট লিভ হিয়ার অ্যানিমোর’ (১৯৭৪)। এছাড়া ১৯৯৩ সালের এডিথ হোয়াটনের উপন্যাস থেকে তৈরি ‘দ্য এজ অব ইনোসেন্স’ সিনেমায় মিশেল ফাইফার ও উইনোনা রাইডারের মতো অভিনেত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। ২০২৩ সালে কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার জন্য নারী প্রধান চরিত্র লিলি গ্ল্যাডস্টোন ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বর্তমানে স্করসেসি বেশকিছু টিভি প্রজেক্ট প্রচার করছেন, যার মধ্যে রয়েছে ‘জন দ্য ব্যাপটিস্ট’ ও জোয়ান অব আর্কের জীবন নিয়ে একটি ডকুড্রামা সিরিজ। তার বায়োগ্রাফিক্যাল সিনেমা ‘ফ্র্যাঙ্ক সিনাত্রা’ ও ‘যিশু’ নিয়ে কাজ আপাতত স্থগিত রয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান










