‘তালাশ’ ও ‘যাও পাখি বলো তারে’ দুটি সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন আদর আজাদ। সম্প্রতি যুক্ত হলো ‘দ্য রাইটার’ নামের একটি সিনেমা। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। তবে এখনো আদরের নায়িকা চূড়ান্ত নয়। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এএইচ এনামুল হক।
শুক্রবার নতুন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন আদর। তিনি জানান, আজ থেকে ভালুকায় শুরু হবে সিনেমাটির প্রথম ধাপের চিত্রায়ণ। ১৩ এপ্রিল পর্যন্ত হবে প্রথম ধাপের শুটিং। এরপর ঈদের পর একটানা কাজ করে শেষ হবে পুরো সিনেমার কাজ। চলতি বছরই সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভাবছেন নির্মাতা রানা।
নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করব। আমাকে একজন লেখকের চরিত্রে দেখা যাবে। এর গল্পটি ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ দর্শক উপহার পাবে।’
সিনেমাটি নিয়ে নির্মাতা অপূর্ব রানা বলেন, ‘একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্পটি এগিয়ে যাবে। গল্পে চমক আছে। আদরের বিপরীতে এখনো নায়িকা চূড়ান্ত নয়। প্রথম ধাপের শুটিং শেষে নায়িকা চূড়ান্ত করা হবে। তবে পরিচিত নায়িকাই দেখা যাবে। আশা করছি, অনেক দিন পর দর্শক আমার ভালো একটি গল্পের সিনেমা উপহার পাবে।’
এ সিনেমায় আরো অভিনয় করবেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু, শিরিন শিলা।
আদর আজাদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘নাকফুল’, ‘অগ্নিশিখা’, ‘লোকাল’, ‘চিৎকার’, ‘পোড়া অন্তর’ ও ‘মুক্তি’ সিনেমাগুলো। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন আদর। ওয়েব ফিল্মের নাম ‘এখানে নোঙর’। এতে সারেং চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার জুটি হয়ে কাজ করছেন আদর ও অর্চিতা স্পর্শিয়া। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ওয়েব ফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেহেদী রনি। এটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।










