২০১৫ সালে যশরাজ ফিল্মসের রোমান্টিক কমেডি সিনেমা ‘দম লাগা কে হাইশা’র মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল ভূমি পেড়নেকরের। স্থূলকায় এক নববধূর চরিত্রে এতে অভিনয় করেন তিনি। সেরা নবাগতা হিসেবে জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তারপর আর েপছন ফিরে তাকাতে হয়নি।

সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্র হিসেবে অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন ভূমি পেড়নেকর। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পেতে যাচ্ছে তার ছয়টি সিনেমা। সিনেমাগুলো হলো অনুভব সিনহার ‘ভিদ’, অজয় বেহেলের ‘দ্য লেডিকিলার’, সুধীর মিশ্রর ‘আফওয়াহ’, গৌরী খান প্রযোজিত ‘ভক্ষক’, মুদাসসির আজিজের ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। আরেকটি সিনেমার নাম এখনো অঘোষিত। 

ভূমি বলেন, ‘এ বছর ছয়টি সিনেমা মুক্তি দেয়ার মাধ্যমে আমি বিশ্বকে জানান দিতে চাই যে সিনেমায় অভিনেতা হিসেবে ২০২৩ হবে আমার সেরা বছর! এসব সিনেমায় বৈচিত্র্যময় ও শক্তিশালী নারী চরিত্র বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েছি। মানুষ একই বছরে পর্দায় ছয়জন ভিন্ন ভূমিকে দেখবে। বিষয়টি আমার জন্য সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। পর্দায় নানা ধরনের জীবনকে ফুটিয়ে তোলার জন্যই আমি বেঁচে আছি। এটি আমাকে উদ্দীপনা দেয়, আমাকে চ্যালেঞ্জ করে এবং একজন অভিনেতা হিসেবে আমাকে অনুপ্রেরণা দেয়। আমি ভাগ্যবান, কারণ আমি এমন একজন অভিনেতা, যে প্রতিদিন তার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে।’

২০২৩ সালে তার আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে ভূমি পেড়নেকর বলেন, ‘২০২৩-এ আমার চাহিদা খুবই সাধারণ। এ ছয়টি সিনেমা দিয়ে আমি সবাইকে বিনোদিত করতে চাই। আমার ব্যক্তিগত লক্ষ্যের দিকে আরো কয়েক ধাপ এগিয়ে যেতে চাই। তা হলো ইন্ডিয়ার ইতিহাসে অন্যতম সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ করা। আমি জানি এর জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আমি সবকিছু করতে প্রস্তুত।’


সূত্র: বলিউড হাঙ্গামা