মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা অ্যানিমেলের ট্রেলার। সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাংগা। এর আগে প্রকাশ হয়েছিল একটি টিজার। সেখানে বোঝা গিয়েছিল ভায়োলেন্সের চরম পর্যায়ে যাচ্ছে সিনেমাটি। ট্রেলারে সেটি আরো স্পষ্ট করা হলো। কিন্তু এখানে ভায়োলেন্সের চেয়েও বড় করে দেখার আরেকটি বিষয় আছে। তা হলো রণবীর কাপুর। বলিউডের চকোলেট বয় রণবীরকে এর আগে রোমান্টিক চরিত্রে বেশি দেখা গেছে। অ্যাকশন তিনি করেননি বললেই চলে। অ্যানিমেলে নিজের এই ইমেজকে পুরোপুরি ভেঙেছেন ঋষিপুত্র। অনীল কাপুরের মতো পাকা অভিনেতার সামনে নিজেকে স্টাবলিশ করেছেন তিনি। দাড়িগোঁফে ঢাকা রণবীর তার অভিব্যক্তি থেকে বডি ল্যাঙ্গুয়েজ সব জায়গাতেই তিনি নতুন।

টিজারের শুরুতেই রণবীরকে দেখা যায় বাবার সঙ্গে সে কথা বলছে। ১৫-২০ সেকেন্ডের মধ্যেই ছেলের নরম রূপ থেকে বাবার কঠোর রূপে ঢুকে যান তিনি। বাকি পুরো ট্রেলারে রণবীর সব সময়েই লাউড। তিনি কোনো বাধা মানেন না। একের পর এক অ্যাকশন ও পাশব কাজকর্ম করতে দেখা যায় তাকে। এ রকম রণবীরকে দেখা যায়নি কোথাও।

সন্দীপ রেড্ডি নতুন করে তৈরি করেছেন রণবীরকে। সাভারিয়া থেকে শমসেরা পর্যন্ত যাত্রায় রণবীর নানা চরিত্র করেছেন, কিন্তু সব জায়গাতেই তার মধ্যে একটা সফটনেস ছিল। সর্বশেষ শমসেরায় তিনি এ জায়গা থেকে কিছুটা ভিন্ন ছিলেন। তবে সিনেমাটি ভালো করেনি বক্স অফিসে। রণবীর তাই নিজেকে নতুন করে তৈরি করেছেন। বাড়িয়েছেন ওজন, ফিজিক বদলেছেন। রণবীরের শরীর এখন আগের তুলনায় চওড়া। এজন্য বিশেষ ডায়েট ও জিমে অনেক সময় ব্যয় করেছেন। সিনেমার ট্রেলারে তাকে কয়েকবারই শার্ট ছাড়া দেখা গেছে।

রণবীরকে নিয়ে সন্দীপ বলেন, ‘‌রণবীর একজন অসাধারণ অভিনেতা। সে আসলে কতটা যোগ্য তার প্রমাণ এখনো দর্শক দেখেননি। রণবীরের মধ্যে তার বাবা ঋষি কাপুর থেকে শুরু করে রবার্ট ডি নিরো, এমনকি কমল হাসানের গুণও আছে। তার ক্ষমতা আসলে অসীম। আমি এর কিছু অংশ নিয়ে কাজ করার চেষ্টা করেছি।’

অ্যানিমেলের আগে রণবীরকে শমসেরায় কাছাকাছি লুকে দেখা গেছে। কিন্তু ব্রহ্মাস্ত্রের রণবীরের সঙ্গে অ্যানিমেলের রণবীরের কোনো মিল নেই। যেন অন্য একটা মানুষ। অনেকেই বলছেন অ্যানিমেল হতে যাচ্ছে বলিউডের আরেকটি ব্লকবাস্টার আর কেউ বলছেন এটিই হবে তার কামব্যাক ফিল্ম। নিজেকেই ছাড়িয়ে যাবেন রণবীর।

সূত্র: কোইমোই