ক্ল্যাশ অব দ্য টাইটানস কথাটি অনেক পরিচিত। যশরাজ ফিল্মস যেন সেটিকেই সত্যি করে তুলতে যাচ্ছে। পাঠান থেকে শুরু হয়েছে এর। সালমান খান ও শাহরুখ খানকে পর্দায় দেখে শিস বাজিয়েছে দর্শক। সামনে আসছে ওয়ার টু। এটি পরিচালনা করার কথা ছিল সিদ্ধার্থ আনন্দের। কিন্তু এখন অয়ন মুখার্জিকে দেয়া হয়েছে সে দায়িত্ব। এ পর্যন্ত যথেষ্ট আগ্রহ তৈরি করেছিল খবরটি। এবার জানা গেল, হৃতিকের সঙ্গে দেখা যাবে এনটিআর জুনিয়রকে এবং স্বাভাবিকভাবেই সিনেমায় তাদের বন্ধুভাবান্ন দেখা যাবে না। দুজনের মধ্যে থাকবে শত্রুতা। একজন আরেকজনের বিপরীতে অভিনয় করবেন।

সিনেমায় এনটিআর জুনিয়র থাকবেন, এ নিয়ে ভ্যারাইটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলেছে, ‘‌ওয়ার টুতে হৃতিকের সঙ্গে এনটিআর জুনিয়রকে দ্বৈরথে দেখা যাবে। মহাকাব্যিক একটি মোকাবেলা হতে যাচ্ছে। তাদের দ্বৈরথ ও দুর্দান্ত অ্যাকশন বড় পর্দার জন্য দারুণ একটি ব্যাপার হয়ে উঠবে।’ মূলত ওয়ার টুকে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে নির্মাণ করতে চাচ্ছে যশরাজ ফিল্মস। আদিত্য চোপড়ার এ পদক্ষেপ ব্যবসায়িক দিক থেকে খুবই ভালো বলে মনে হচ্ছে। 

সিনেমাটি নিয়ে ভ্যারাইটি আরো লিখেছে, ‘‌আদিত্য চোপড়ার এ পরিকল্পনা সিনেমাটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। হিন্দি সিনেমার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দক্ষিণের বাজারও ধরা সহজ হবে। এনটিআর জুনিয়র তাদের ইন্ডাস্ট্রি টাইগার ও তাকে গর্জন করতে দেখতে পছন্দ করবে দক্ষিণের দর্শকরা।’ 

ভারতের অন্যতম সিনেমা সমালোচক ও বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শও এ নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‌এখন ব্যাপারটি আনুষ্ঠানিক। ওয়ার টুয়ে এনটিআর জুনিয়র ও হৃতিক। যশরাজ ফিল্মস একটি কাস্টিং ক্যু করেছে। হৃতিক রোশন ও এনটিআর জুনিয়র প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন ওয়ার টু সিনেমায়।’ তিনি হ্যাশট্যাগে যশরাজ ফিল্মস, ওয়ার টু ও অয়ন মুখার্জিকে রেখেছেন।

কভিড-১৯ মহামারীর আগে মুক্তি পায় ওয়ার। টাইগার শ্রফ ও হৃতিক রোশন অভিনীত সিনেমাটি সে সময়ের অন্যতম ‘‌বিগ হিট’। এটি বক্স অফিসে আয় করেছিল ৪৭৫ কোটি রুপি। এবার আটঘাট বেঁধে নেমেছে যশরাজ ফিল্মস। পাঠান না হোক, ওয়ারকে ছাড়িয়ে যাবে তারা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস