বক্স অফিসের আয় ও সিনেমার টিকিট বিক্রির পরিমাণ সম্পর্কে অভিনয়শিল্পীদের কথা বলা উচিত নয় বলে মনে করেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। টাইমস অব ইন্ডিয়াকে ১১ ডিসেম্বর দেয়া এক সাক্ষাৎকারে এ মত প্রকাশ করেছেন তিনি। তার মতে, এটি ‘শিল্পের অবমাননা’। ব্যবসার বিষয়টি প্রযোজকের দায়িত্ব বলে তিনি মনে করেন।

সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘‌যেসব অভিনেতা প্রতি সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন, তারাই সিনেমাকে ধ্বংস করে দিয়েছেন। যখন একটি সিনেমার বাজেট বাস্তবসম্মত হয় না, তখন সেটি ফ্লপ হয়। অভিনেতা, পরিচালক কিংবা গল্পকথকের কারণে সিনেমা কখনো ফ্লপ হয় না। সিনেমা হিট হবে না ফ্লপ হবে, তা এর বাজেটের ওপরই নির্ভর করে।’

বড় বাজেট ও ভালো আইডিয়া এ দুয়ের মধ্যে সিনেমার জন্য কোনটি গুরুত্বপূর্ণ জানতে চাইলে তিনি বলেন, ‘‌ভালো আইডিয়া ও কাজ করার আগ্রহের সামনে টাকা কখনো বাধা হতে পারে না। আমার ট্রিলিয়ন ডলার থাকতে পারে, কিন্তু ভালো চিন্তা করার ক্ষমতা না থাকলে, তা কেবল পকেটই বদলাবে। ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে গেলে যদি কারো কাছে ভালো চিত্রনাট্য থাকে, তাহলে সেটি পাওয়ার জন্য প্রযোজকরা টাকা নিয়ে তার পেছনে দৌড়াবে। ভালো গল্প তৈরি করতে পারে, এমন ব্যক্তিদের অধিকতর আস্থা আমাদের অর্জন করা উচিত।’

তারকানির্ভর ইন্ডাস্ট্রির যুগ যে শেষ হতে চলেছে—এমন মূল্যায়ন বিষয়েও নওয়াজ কথা বলেছেন। তার মতে, সময়ের সঙ্গে দর্শকের চাহিদা পরিবর্তন হলেও অভিনেতারা সে অনুপাতে নিজেদের বদলাননি।


সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস