গতকাল মুক্তি পেল শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার ট্রেলার। সিনেমা মুক্তির মাত্র এক সপ্তাহ আগে ট্রেলার প্রকাশ হলো। সাধারণত সিনেমা মুক্তির মাসখানেক আগে ট্রেলার প্রকাশ করা হয় এবং ট্রেলার প্রকাশের পর থেকে শুরু হয় প্রচারণা। কিন্তু শাহরুখ খান এবার ভিন্ন পথে হাঁটলেন। ট্রেলার প্রকাশ করলেন সব শেষে। এর আগে মুক্তি পেয়েছে তিনটি গান ও তারও আগে জওয়ানের প্রিভিউ। কিন্তু প্রিভিউতে কাহিনীর কিছুই বোঝা যায়নি। ট্রেলারেও যে খুব বোঝা গেল এমন নয়, তবে এক ট্রেলারে আবার ঝড় তুলেছেন শাহরুখ।
জওয়ানের ২ মিনিট ৪৫ সেকেন্ড দীর্ঘ এ ট্রেলার মুক্তি পায় গতকাল ভারতীয় সময় বেলা ১১টা ৫৮ মিনিটে। প্রকাশের ২৭ মিনিটের মাথায় হিন্দি সংস্করণের ভিউ হয় ১০ লাখ। তামিল, তেলেগু মিলে মোট ভিউ আরো বেশি। ট্রেলারে শাহরুখ খানকে কয়েকটি ভিন্ন লুকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি—নায়ক, নায়কের বাবা ও খলনায়ক। তিনটি চরিত্রেই শাহরুখকে দেখা গেছে ভিন্ন ভিন্ন অবতারে। এছাড়া নয়নতারা, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি ও দীপিকা পাড়ুকোনের উপস্থিতি ছিল ট্রেলারে। প্রথমবারের মতো বিজয় সেতুপতির লুক দেখা গেল। তাকেও কয়েকটি ভিন্ন অবতারে দেখা গেছে।
জওয়ানের সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। প্রকাশিত গানগুলো নিয়ে দর্শক শ্রোতাদের কিছু অভিযোগ ছিল, কিন্তু ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে সন্তোষ প্রকাশ করছেন তারা। গতকাল ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জওয়ানের ট্রেলার নিয়ে আলোচনা শুরু হয়। এবারই প্রথম পুলিশের পোশাকে দেখা গেল কিং খানকে। পাওয়ার প্যাকড অ্যাকশনের সঙ্গে মেলোড্রামাও রাখছেন অ্যাটলি কুমার। সেই সঙ্গে ভিন্ন ভিন্ন লুকের শাহরুখকে নিয়ে থিয়েটার মাতাবেন তিনি, তা বোঝাই যাচ্ছে।










