ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বিনজ্-এ চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে একেবারে নতুন পাঁচটি অরিজিনালস। কনটেন্টগুলোর মধ্যে আছে পারিবারিক থ্রিলারধর্মী টেলিফিল্মসহ বর্তমান সময়ে পরিবার ও সমাজের গল্পকে উপজীব্য করে তৈরি চারটি নাটক।

পারিবারিক জীবনের ঘটনা নিয়ে তৈরি টেলিফিল্ম ‘কুপন’ পরিচালনা করেছেন নাজমুল নবীন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক আর বি প্রীতম।

নদীতীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনধারাকে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে থ্রিলারধর্মী নাটক ‘হারেস’। এটির চিত্রনাট্যকার ও পরিচালক ওয়াসিম সিতার। এতে অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, নাজিয়া হক অর্ষা, হিন্দল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার হোসেন প্রমুখ। 

পারিবারিক গল্প নিয়ে নির্মিত ‘আমাদের সংসার’ নাটকটির কাহিনী লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন সহিদ উন নবী। ‘আমাদের সংসার’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তমাল মাহবুব, টুটুল আহমেদ, রুমানা স্বর্ণা, সাজ্জাদ রেজা, মৌরি সেলিম প্রমুখ।

সামাজিক অপরাধ নিয়ে নাটক ‘নয় ছয়’ পরিচালনা করেছেন ফারহান তন্ময়। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমানা আক্তার, কেয়া আক্তার পায়েল ও হেদায়েত নান্নু।

তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলারধর্মী ‘সেলুলয়েড’ নাটকটিতে আছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শাহজাহান সম্রাট, মনিষা শিকদার, রিয়াদ আল ফয়সাল বাপ্পী।