দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়েব সিরিজ আর সিনেমা তিন মাধ্যমেই সফলভাবে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ছোট পর্দায় কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেত্রী অল্প সময়েই দর্শকপ্রিয়তার শীর্ষে উঠেছেন। সম্প্রতি ঢালিউডে ‘ইনসাফ’ ছবির মাধ্যমে তিনি যাত্রা শুরু করেছেন নায়িকা হিসেবে। অভিনয়ের পাশাপাশি এখন নতুন এক ভূমিকায় দেখা যাবে তাকে—প্রযোজক হিসেবে।
সম্প্রতি ফেসবুকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার আগ্রহের কথা জানিয়েছেন ফারিণ। পোস্টে তিনি নেটিজেনদের পরামর্শ চান তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়, অনেকে বিভিন্ন নামের পরামর্শও দিয়েছেন।
ফারিণ বলেন, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সে চিন্তা থেকেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা করছি, যেখানে আমার ভাবনাগুলো পর্দায় তুলে ধরতে পারব।’
জানা গেছে, এ বছরের শেষ দিকে নিজের গাওয়া একটি নতুন গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তার প্রযোজনা প্রতিষ্ঠান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল, যিনি ফারিণের সহশিল্পীও। এরই মধ্যে ভিডিওর শুটিং শেষ হয়েছে, তবে গানের শিরোনাম বা ভিডিও নির্মাতার নাম এখনই প্রকাশ করতে চান না ফারিণ।
এর আগে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে গায়িকা হিসেবেও পরিচিতি পান তিনি। গানটি জনপ্রিয় হওয়ার পর থেকেই নতুন গান প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন ফারিণ, সেটিই এখন তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ হতে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতিতে আছেন ফারিণ। ইনসাফের পর নতুন কোনো প্রজেক্টে তার নাম শোনা যায়নি। তবে তিনি বলেন, ‘আমি সবসময় ভিন্নধর্মী ও মানসম্মত কাজ করতে চাই। তাই কাজের সংখ্যা কম হলেও গুণগত মানে ছাড় দিতে চাই না। আশা করছি, শিগগিরই দর্শককে ভালো কিছু খবর দিতে পারব।’










