আরেকটি নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন টেইলর সুইফট। শর্ট ফিল্ম তো তিনি আগেও পরিচালনা করেছেন, এবার ফিচার ফিল্ম পরিচালনা করবেন। এজন্য একটি মৌলিক চিত্রনাট্য তৈরি করেছেন আমেরিকান এ গীতিকার, গায়ক ও পরিচালক। প্রযোজনা সংস্থা ‘সার্চলাইট পিকচার্স’ এটি প্রযোজনা করবে। ‘সার্চলাইট পিকচার্স’ ওয়াল্ট ডিজনি কোম্পানির একটি অঙ্গসংগঠন। অস্কারজয়ী সংস্থাটি এর আগে ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘নোম্যাডল্যান্ড’ ও ‘দ্য শেপ অব ওয়াটার’-এর মতো সাড়া জাগানো সিনেমাগুলো প্রযোজনা করেছে। প্লট, কাস্টিংসহ এ প্রজেক্টের অন্যান্য তথ্য এখনো প্রকাশ হয়নি। তবে ফিচার নির্দেশক হিসেবে বিশ্বের অন্যতম সফল সংগীতজ্ঞ নিঃসন্দেহে একটি নতুন দিগন্তে যাত্রা করলেন।
‘টেইলর একজন বিরল শিল্পী ও গল্পকথক। তার এ উত্তেজনাময় ও সৃজনশীল যাত্রায় সহযোগী হতে পারাটা প্রকৃত আনন্দ ও মর্যাদার ব্যাপার’, টেইলর সুইফটের সঙ্গে কাজ করার অনুভূতি এভাবে প্রকাশ করেন ‘সার্চলাইট পিকচার্স’-এর সভাপতিদ্বয় ডেভিড গ্রিনবম ও ম্যাথিও গ্রিনফিল্ড।
এখন পর্যন্ত একমাত্র সোলো আর্টিস্ট হিসেবে টেইলর সুইফট ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ কর্তৃক দুটি শ্রেষ্ঠ পরিচালনা পুরস্কারের সম্মানে ভূষিত হন। ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’ এবং ‘দ্য ম্যান’ পরিচালনার জন্য তিনি এ সম্মাননা লাভ করেন। সংগীতে তার অবদানের জন্য সুইফট ১১ বার গ্র্যামি পুরস্কার লাভ করেন। একমাত্র নারী শিল্পী হিসেবে তিনি তিনবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জয় করেন। অক্টোবরে তার দশম স্টুডিও অ্যালবাম ‘মিডনাইটস’ মুক্তি পেয়েছিল।
সংগীতের নানা ধারায় স্বাচ্ছন্দ্য বিচরণের মাধ্যমে টেইলর সুইফট ক্যারিয়ারে খ্যাতি অর্জন করেন। পপ, কান্ট্রি, ইন্দি ফোক, অল্টারনেটিভ রকসহ বিভিন্ন সংগীত ঘরানায় তার অবাধ যাতায়াত। তার অ্যালবামগুলোর মধ্যে ‘১৯৮৯’, ‘ফোকলোর’ ও ‘রেড’ অন্যতম।
টেইলর সুইফট রচিত ও নির্দেশিত ‘অল টু ওয়েল:দ্য শর্ট ফিল্ম’টি এ বছর নিউইয়র্কের ‘ত্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল’ এবং জাপানের ‘টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়। এটি ১৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্র। ‘ভ্যালেনটাইনস ডে’, ক্যাটস’ ইত্যাদি সিনেমায় অভিনেত্রী হিসেবেও পর্দায় হাজির হয়েছেন সুইফট। এ বছর তিনি ডেভিড ও রাসেল পরিচালিত ‘আমস্টারডাম’ সিনেমায় অভিনয় করেছেন।
প্রযোজনা সংস্থা ‘সার্চলাইট পিকচার্স’ সম্প্রতি মার্ক মাইলডের ‘দ্য মেনু’ ও মার্টিন ম্যাকডোনাফের ‘দ্য ব্যানশিস অব ইনিশেরিন’ মুক্তি দিয়েছে। ‘মাই মেনু’ একটি ডার্ক কমেডি হরর ফিল্ম। ‘দ্য ব্যানশিস অব ইনিশেরিন’ অস্কারের আগামী আসরে তীব্র প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিক চলচ্চিত্র পরিচালক ইয়োর্গোস লানথিমোর পরবর্তী প্রজেক্ট ‘অ্যান্ড’ এ প্রযোজনা সংস্থা থেকে মুক্তির প্রতীক্ষায় রয়েছে।
সূত্র: ভ্যারাইটি










