বছর দুয়েক হলো লাইভ অ্যাকশনের তুলনায় অ্যানিমেশন ভালো করছে বক্স অফিসে। গত বছর সুপার মারিও ব্রোস ও এরপর ‘ইনসাইড আউট টু’ এ বছর বক্স অফিসে আয় করেছে বিলিয়ন ডলারের মতো। অ্যানিমেশন নিয়ে অনেক দিন ধরেই কাজ হচ্ছে। এ জনরা পছন্দ বহু দর্শকের। সাধারণ দর্শকের পাশাপাশি নির্মাতাদেরও আছে এ ধারার সিনেমা নিয়ে আগ্রহ। নন্দিত পরিচালক কোয়েন্টিন টারান্টিনোও পছন্দ করেন অ্যানিমেশন সিনেমা। কিন্তু তিনি সম্প্রতি জানালেন, ‘টয় স্টোরি ফোর’ দেখবেন না। কেননা তার মতে, ‘টয় স্টোরি থ্রি’ অন্যতম সেরা সিনেমা। 

এ সিনেমা নিয়ে টারান্টিনো বলেন, ‘আমি সব ধরনের অ্যানিমেশন সিনেমা দেখি না। তবে টয় স্টোরির বিষয়টা অন্য রকম। এ ট্রিলজি আমার পছন্দ। আমার মনে হয়, এ ট্রিলজি বিনোদনের চূড়ান্ত দেয় আমাদের। টাকা খরচ করে সিনেমা দেখলে এমন সিনেমাই দেখা উচিত।’

টয় স্টোরি বিশ্বজুড়েই জনপ্রিয়। আর টারান্টিনো মনে করেন, টয় স্টোরি ট্রিলজি অন্য অ্যানিমেশনের তুলনায় এগিয়ে আছে। তিনি বলেন, ‘অন্য কোনো ট্রিলজি টয় স্টোরির মতো কাজ দেখাতে পারেনি। প্রথম সিনেমাটি অসাধারণ। কিন্তু দ্বিতীয়টি তার থেকেও ভালো। টয় স্টোরি যে আদর্শ বা বিষয়কে তুলে এনেছে, দ্বিতীয় সিনেমাটি সে ক্যানভাসকে আরো বিস্তৃত করে নতুন মাত্রা দিয়েছে। আর তৃতীয় সিনেমাটিও একই ধারায় দ্বিতীয় পর্বকে আরো এগিয়ে নিয়ে গেছে, ফলে এটি হয়ে উঠেছে সিনেমার জন্য অনন্য এক দৃষ্টান্ত। এর চেয়ে ভালো সিনেমা হতে পারে না।’

ম্যাড ম্যাক্সের উদাহরণ টেনে তিনি জানান, এ জায়গায়ই পিছিয়ে ছিল ফ্র্যাঞ্চাইজিটি। টয় স্টোরি সে ভুল করেনি। তারা এগিয়ে গেছে একটার তুলনায় আরেকটাকে উন্নত করার মধ্য দিয়ে। আর এ কারণেই তিনি চতুর্থ সিনেমাটি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন। টারান্টিনো বলেন, ‘প্রায় তিন বছর পর তারা আবার একটা সিনেমা আনছে। আমি জানি না এটা কেমন হবে। তবে এ নিয়ে আসলে চিন্তাও করতে চাই না। ভালো হোক বা মন্দ, এ সিনেমা আমি আর দেখব না। কেননা আমার কাছে টয় স্টোরি থ্রির রেশটা ধরে রাখা গুরুত্বপূর্ণ।’

সূত্র ও ছবি: ভ্যারাইটি