হলিউড অভিনেতা জেরেমি রেনার অস্ত্রোপচারের
পর সুস্থ হয়ে উঠছেন। নববর্ষের দিনে যুক্তরাষ্ট্রের নেভাদায় তুষার পরিষ্কার করার সময়
বুকের পাজারে আঘাত পান তিনি।
অভিনেতার এক মুখপাত্র বলেন, গতকাল সোমবার (২ জানুয়ারি)
রেনার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তার অবস্থা গুরুতর হলেও
স্থিতিশীল রয়েছেন।
জেরেমির এক ঘনিষ্ঠ সূত্র সিএনএনকে জানিয়েছিল,
দুর্ঘটনার পর ৫১ বছর বয়সী অভিনেতার শরীরে দুটি অস্ত্রোপচার করা হয়।
গতকাল অভিনেতার প্রতিনিধি স্যাম মাস্ত নিশ্চিত
করে জানিয়েছিলেন, রেনারকে ১ জানুয়ারি ‘আবহাওয়াজনিত দুর্ঘটনায়’ হাসপাতালে নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালায়
লেক তাহোয়ের উপরে একটি খামারের মালিক রেনার। এই অঞ্চলে নববর্ষের প্রাক্কালে শীতকালীন
ঝড়ের আঘাতে ৩৫ হাজার বাড়িতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে
তুষারঝড়ে কমপক্ষে ৬০ জন মারা গিয়েছিল।
মার্ভেল চলচ্চিত্রে সুপারহিরো ক্লিন্ট বার্টনের
চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত জেরেমি। ‘দ্য হার্ট লকার’ ও ‘দ্য টাউন’-এ অভিনয়ের
জন্য দুটি একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছিলেন। ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতেও অভিনয়
করেছেন তিনি। তাকে এবার ‘মেয়র অব কিংসটাউন’-এর দ্বিতীয় সিজনে দেখা যাবে।










