ধর্মঘটের শুরুটা করেছিল রাইটার্স গিল্ড অব আমেরিকা। তার পর থেকে ব্যাহত হতে থাকে হলিউডের নিয়মিত কার্যক্রম। এবার পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে। লেখকদের সঙ্গে ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারা। এ কারণে বাধ্য হয়ে অনেক সিনেমার মুক্তির তারিখ পেছাতে হচ্ছে। এসব সিনেমার অন্যতম ডুন টু। ২০২১ সালে মুক্তি পাওয়া ডেনিস ভিলেনভের সাই-ফাই এপিক ‘ডুন’-এর সিকুয়াল এটি। প্রধান চরিত্রে টিমোথি শ্যালামেট ও জেন্দায়া অভিনীত সিকুয়ালটি আগামী ৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হলিউডের বর্তমান অস্থির পরিস্থিতি বিবেচনায় ডুন টুর মুক্তি পেছানো হয়েছে। যদিও নতুন তারিখ এখনো ঠিক হয়নি, কিন্তু এটি নিশ্চিত যে চলতি বছর সিনেমাটি মুক্তি পাচ্ছে না। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট তিনজন ভ্যারাইটিকে এ তথ্য জানিয়েছেন। ওয়ার্নার ব্রোসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট। ডুন টু মুক্তির নতুন তারিখ এ দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টদের একজন জানিয়েছেন। তবে এ ব্যাপারে ওয়ার্নার ব্রোস ও লিজেন্ডারি এন্টারটেইনমেন্টের কোনো মুখপাত্র মুখ খোলেননি। 

শুক্রবার থেকে ধর্মঘট শুরু করেছে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (এসএজি-এএফটিআরএ)। বেতন বাড়ানোর দাবিতে এ ধর্মঘট। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের দাবি, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, এনবিসি ইউনিভার্সাল, সনি অ্যান্ড প্যারামাউন্টসহ হলিউডের স্টুডিওগুলো অভিনেতাদের বেতন বাড়ানোর বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। স্ট্রিমিং রেভিনিউর শেয়ার বাড়ানোর ব্যাপারটিও তারা গুরুত্ব দেয়নি। এখন অভিনেতারা যে বেতন পাচ্ছেন, সে বেতনে তাদের সারা বছরের প্রয়োজনীয় খরচ মিটছে না বলে জানিয়েছেন তারা। শেষ পর্যন্ত ধর্মঘট করতে বাধ্য হয়েছে মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো তালিকাভুক্ত ১ লাখ ৬০ হাজার অভিনয়শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড।

ডুন টু সিনেমার প্রচারণায় এর সব অভিনয়শিল্পী অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ওয়ার্নার ব্রোস। কিন্তু চলমান ধর্মঘটে এটি সম্ভব নয়। স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের নির্দেশনা অনুযায়ী, সংকট নিরসনের আগ পর্যন্ত কোনো সিনেমার প্রচারণায় অভিনেতারা অংশ নিতে পারবেন না।

‘দ্য কালার পার্পল’ মুক্তির ক্ষেত্রেও নতুন তারিখের কথা ভাবছে ওয়ার্নার ব্রোস। পেছাতে পারে ‘অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’ সিনেমার মুক্তির তারিখও। আপাতত এ দুই সিনেমা যথাক্রমে আগামী ২০ ও ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে।

সূত্র ও ছবি: ভ্যারাইটি