আমাদের দেশে খুব কম সিনেমা করা হয় শিশুদের জন্য। হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে খুদে দর্শকদের কথা মাথায় রেখে। দেখা যায় কয়েক বছর পর পর একটি চলচ্চিত্র হয় শিশু-কিশোরদের জন্য। গত বছর দুটি শিশুতোষ চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। অন্যদিকে এ বছর নতুন একটি শিশুতোষ চলচ্চিত্র রয়েছে মুক্তির অপেক্ষায়। আমাদের দেশের ইতিহাসের অন্যতম অধ্যায় জাতির পিতার ৭ মার্চের ভাষণ। ১৯৭১ সালে দেশের মুক্তিকামী মানুষের কাছে ওই ভাষণ ছিল অনুপ্রেরণার মূলমন্ত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ ও নন্দিত নাট্যাভিনেত্রী তানভীন সুইটিকে। তরুণ প্রজন্মের কাছে বড় পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইতিহাস তুলে ধরতেই এ সিনেমা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত এ সিনেমায় অভিনয় করতে পেরে আমি সত্যিই ভীষণ গর্বিত। ঐতিহাসিক সিনেমায় কাজ করতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে। এতে আমার সহশিল্পী হিসেবে শ্রদ্ধেয় তারিক আনাম খান, তানভীন সুইটিসহ আরো অনেককেই পেয়েছি। সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমি মনে করি দর্শক বিশেষ করে শিশু-কিশোরদের সিনেমাটি ভালো লাগবে।’

স্বাধীন বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের প্রথম প্রয়াস নিয়েছিলেন সুভাষ দত্ত। ১৯৭৮ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘ডুমুরের ফুল’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এই থেকে শুরু, এরপর ১৯৮০ সালে দুটি কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করা হয় শিশু-কিশোরদের কথা ভেবে। ১৯৮০ সালে বাদল রহমানের পরিচালনায় ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্র ও আজিজুর রহমান নির্মাণ করেন ‘ছুটির ঘণ্টা’। দুটি চলচ্চিত্র আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমর। এরপর একে একে মুক্তি পেয়েছে রামের সুমতি, দীপু নাম্বার টু, দূরত্ব, আমার বন্ধু রাশেদের মতো চলচ্চিত্র। গত বছরে মুক্তি পায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ও মেঘ রদ্দুর খেলা চলচ্চিত্র দুটি। চলতি বছর মুক্তির অপেক্ষায় মাইক। শিশুতোষ চলচ্চিত্রটি নিয়ে নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ চলচ্চিত্র নির্মাণে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। অনেক শ্রম দিয়ে জাতির পিতার ৭ মার্চের ভাষণকে নিয়ে এ সিনেমা নির্মিত। এটা আমাদের গর্বের। সিনেমাটি মুক্তি পেলে সবারই দেখা উচিত।’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফএম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)। চলচ্চিত্রটি চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে মাইকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মাইক চলচ্চিত্রের অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেতা নাদের চৌধুরী, জয়িতা মহলানবিশ, নীপা খান, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট কলাকুশলীরা।

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় মুখ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বছরজুড়েই ব্যস্ততা থাকে এ অভিনেতার। ফেরদৌস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিউটি সার্কাস। অন্যদিকে ছোট পর্দার ও সিনেমার সঙ্গে ওয়েব দুনিয়াতেও সমানতালে অভিনয় করছেন সুইটি। অনম বিশ্বাসের ‘দুই দিনের দুনিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ কারাগার দুই এ দেখা গেছে এ অভিনেত্রীকে।