বক্স অফিসে দুর্দান্ত যাত্রা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি আয় করেছিল ৭৫ কোটি রুপি। প্রত্যাশার তুলনায় বহু গুণ বেশি।
বলা হচ্ছে, বলিউড কিং শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার কথা। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি এক মাস পার করেছে। এখনো সিনেমাটি নতুন মুক্তি পাওয়া অনেক সিনেমার চেয়ে প্রতিদিন বেশি আয় করছে। সে ধারাবাহিকতায় ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে জওয়ান। মুক্তির ৩১তম দিনেও অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি ২ কোটি রুপি আয় করেছে। বর্তমানে সিনেমাটির মোট আয় ১ হাজার ১০৪ কোটি রুপি। এর মধ্যে ডোমেস্টিক বক্স অফিস থেকে জওয়ানের আয় প্রায় ৬২১ কোটি রুপি। ফলে জওয়ান ভারতের অভ্যন্তরীণ বাজারে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার খেতাব অর্জন করেছে। এ অর্জনের পথে সিনেমাটি ‘গদর টু’ ও ‘পাঠান’-এর মতো সিনেমাকে পেছনে ফেলে এসেছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুভাষী অঞ্চল থেকেও সিনেমাটি ভালো আয় করেছে।
প্রথমে পাঠান, পরবর্তী সময়ে জওয়ান ঝড়ে ২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে অন্যতম সফল বছর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সারা বিশ্বে মোট ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছিল। এক বছরে ২ হাজার কোটি রুপি আয় করেছে শাহরুখ খান অভিনীত সিনেমা দুটি। জওয়ানের এমন সাফল্যের মধ্যেই এর সিকোয়াল তৈরি হওয়ার গুজব উঠেছে। যদিও পরিচালক বা অভিনেতা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা দেননি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










