জোভান-তটিনী অনস্ক্রিন ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে যেন এ জুটি আরো এক ধাপ এগিয়ে নিলেন নিজেদের। যার শেষ নজির হচ্ছে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটক।
সিএমভির ব্যানারে নির্মিত ঈদের বিশেষ এ নাটকের চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ, যাতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী।
প্রিয় প্রিয়সীনি নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি তিন মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের তিন মাস পর তার বিদেশ চলে যাওয়ার বিষয়টি।
এখানেই গল্পের শুরু। এর ভেতর ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সে জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।
নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, প্রিয় প্রিয়সীনিসহ মোট ২০টি নাটক এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে। এটি চাঁদরাত থেকে নিয়মিত উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।










