৪১তম তেহরান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে জুরি হলেন বাংলাদেশের চলচ্চিত্রকর্মী ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি। তবে আনন্দের খবর হলো, এ উৎসবে জুরি হয়েছিলেন অস্কার বিজয়ী মিউজিক পরিচালক এআর রহমানও। অস্কার-কোয়ালিফাইংয়ে আয়োজন শেষ হয়েছে ২৩ অক্টোবর।
এ দুজন ছাড়াও জুরি বোর্ডের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ইতালির মায়া কস্টা, ঘানার অ্যান্থনি এনটি, রাশিয়ার একাতেরিনা ইয়াকোলেভা ও ইরানের আহমেদ রেজা মোতামেদি ও মাসুদ মাদাদি।
এ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও প্রাচীনতম শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের এ সংস্করণে ১৫০টি দেশ থেকে ১৩ হাজারের বেশি এন্ট্রি পাওয়া গেছে।
উৎসবে অভিজ্ঞতা সম্পর্কে ঋতি বলেন, ‘জুরি হিসেবে এখানে আমন্ত্রণ পাওয়া অনেক সম্মানের। ইরান এত সুন্দর চলচ্চিত্র বানায় যে প্রতিটি পুরস্কারই ইরানিদের হাতে তুলে না দেয়া আমাদের পক্ষে কঠিন ছিল। আমি আশা করি, আগামী বছরগুলোয় আমরা এখানে বাংলাদেশের চলচ্চিত্রও দেখতে পাব।’
এ বছর ইরানি নারীদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘এখানে অনেক নারীকে পুরস্কার জিততে দেখা অনুপ্রেরণাদায়ক। পুরস্কার পায়নি, এমন কিছু স্মরণীয় চলচ্চিত্রও নারীদের দ্বারা পরিচালিত ছিল। ইরানিরা যদি তাদের ওপর আরোপিত সব বিধিনিষেধ মেনে এমন চমৎকার চলচ্চিত্র তৈরি করতে পারে, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি আশা করি, শিগগিরই এ দেশের সঙ্গে কিছু কালচারাল এক্সচেঞ্জ কর্মসূচির ব্যবস্থা করতে পারব, যা আমাদের নতুন প্রজন্মের পরিচালকদের অনেক উপকৃত করবে।’
১৭ অক্টোবর তেহরানের মেল্লাত সিনেপ্লেক্সে ৪১তম তেহরান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়। ইভেন্টের প্রথম দিনে বিভিন্ন বিভাগের ২৩টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। মোট ১০৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। লাইন আপের মধ্যে ছিল ৫৯টি শর্ট ফিকশন ফিল্ম, ২১টি অ্যানিমেটেড মুভি, ১৮টি ডকুমেন্টারি ও ৯টি পরীক্ষামূলক চলচ্চিত্র।










