জলবায়ু পরিবর্তন বিষয়ে হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর সক্রিয়তা ভক্তদের অজানা নয়। সম্প্রতি কপ২৬ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। এতে যোগ দিয়েছেন প্রিন্স চার্লসও। সম্মেলনে স্টেলা ম্যাককার্টনি’জ প্রদর্শনীতে পরিবেশ বিষয়ে আলাপ হয়েছে অস্কারজয়ী এ অভিনেতা ও ব্রিটিশ রাজকুমারের মধ্যে। এর আগে প্রিন্স হ্যারির সঙ্গে মিলে আফ্রিকার ওকাভাঙ্গো রিভার বেসিনে তেল ও গ্যাসের ড্রিলিং বন্ধে আহ্বান জানিয়েছিলেন ক্যাপ্রিও। এ ড্রিলিং সেখানে বড় পরিবেশ বিপর্যয় ডেকে আনছিল। জলবায়ু পরিবর্তন বিষয়ে অনেক ক্যাম্পেইনের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রাণী পাচার ও পরিবেশ বিষয়ে তৈরি অনেক প্রামাণ্যচিত্রেও কাজ করেছেন ক্যাপ্রিও।

ফিউচার অব ফ্যাশন শিরোনামে ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি পরিবেশবান্ধব ফ্যাশন কেমন হতে পারে তা নিয়ে এ প্রদর্শনী করেছেন। স্টেলা তার প্রদর্শনী ঘুরিয়ে দেখিয়েছেন ডি ক্যাপ্রিও ও প্রিন্স চার্লসকে। আর সে সময় মিনিট দশেক আলাপ করেছেন ক্যাপ্রিও ও প্রিন্স চার্লস।

জলবায়ু পরিবর্তন রুখতে স্টেলা প্রাণীর চামড়া ও পশম থেকে তৈরি ফ্যাশন পণ্য উৎপাদন হ্রাসের কথা বলেছেন। তিনি তার প্রদর্শনীতে মাশরুম থেকে তৈরি চামড়ার পণ্য ও ভেগান ফুটবল বুটসহ নানা পণ্য হাজির করেছেন। তার এ উদ্যোগে সঙ্গী হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবা ও বিশ্বখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাস।

১৯৯৭ সালে লন্ডনে একবার দেখা হয়েছিল এ দুজনের। উপলক্ষটা ছিল ক্যাপ্রিওর টাইটানিক ছবির প্রিমিয়ার। সেখানে ক্যাপ্রিও তার মা ইরমেলিনকে প্রিন্স চার্লসের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অসুস্থতাজনিত কারণে ব্রিটেনের রানী সম্মেলনে অংশ নিতে না পারলেও রাজপরিবারের অনেক সদস্য এতে উপস্থিত ছিলেন।

 

সূত্র: পিংকভিলা