ভারতের তামিলনাড়ুর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান। পানিশূন্যতাজনিত জটিলতার কারণে তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর সেখান থেকে ছুটি পেয়েছেন তিনি।

এ আর রহমানের অসুস্থতার খবর শুনে বিচলিত হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। সম্প্রতি এক এক্স পোস্টে তিনি লেখেন, ‘এ আর রহমানের অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তির খবর শোনার পর পরই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি এবং কিংবদন্তি এ শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নিই। তখন চিকিৎসকরা জানান, শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং বাড়ি ফিরবেন।’

তিনি ভক্তদের জানান, বর্তমানে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়া হয়েছে। তবে আগামী কয়েক দিন চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে তাকে।

এ আর রহমানের হাসপাতালে ভর্তির খবর জানিয়ে একটি ভয়েস নোট মিডিয়ার সঙ্গে শেয়ার করেছেন তার বোন ফাতিমা শেখর। এতে তাকে বলতে শোনা যায়, তিনি (এ আর রহমান) কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন এবং পরে জানা যায়, এটি ডিহাইড্রেশনজনিত সমস্যা। তিনি ব্যাপকভাবে ভ্রমণ করছেন। বর্তমানে ভালো আছেন।

তার ছেলে এ আর আমিন ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘প্রিয় ভক্ত, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার বাবা ডিহাইড্রেশনের কারণে একটু দুর্বল অনুভব করেছিলেন। তাই আমরা কিছু রুটিন পরীক্ষা করিয়েছিলাম। তবে আমি আনন্দিতভাবে বলতে পারি, তিনি এখন ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের উদ্বেগ ও অবিরাম সমর্থনের জন্য সত্যিই কৃতজ্ঞ। সবাইকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা!’

সূত্র ও ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস