কথা ছিল এ বছরের এপ্রিলে মুক্তি পাবে জেমস বন্ডের ছবি নো টাইম টু ডাই। মহামারীতে কয়েকবার মুক্তির তারিখ পেছানো পর গতকাল জানানো হলো, এ বছর আর দর্শকরা নো টাইম টু ডাই দেখার সুযোগ পাচ্ছেন না। ছবিটি মুক্তি পাবে ২০২১ সালের ২ এপ্রিল।
২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল এমন অনেকগুলো আলোচিত ছবির মুক্তি পিছিয়ে গেছে। এ তালিকায় সর্বশেষ যে বড় নামটি যুক্ত হয়েছে সেটা হলো বন্ড ফিল্ম—নো টাইম টু ডাই। মহামারীতে হলিউড যে বড় ক্ষতির মুখে পড়ছে তা স্পষ্ট হচ্ছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’
সিক্যুয়ালের মুক্তির নতুন তারিখ ২০২১ সালের ২৮ মে।
গতকাল এমজিএম ইউনিভার্সাল স্টুডিও ও প্রযোজক মাইকেল জি. উইলসন এবং বারবারা ব্রোকোলি ঘোষণা করেন, বন্ড ছবির মুক্তি পেছানো হলো, যেন বিশ্বব্যাপী দর্শকরা ছবিটি হলে গিয়ে উপভোগ করতে পারেন।
‘আমরা জানি যে এ বিলম্ব ভক্তদের জন্য হতাশার কারণ হবে। কিন্তু আমরা এখন নো টাইম টু ডাই আগামী বছর মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি’—জেমস বন্ড অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ কথা জানানো হয়।
এ বছর একের পর এক ব্লকবাস্টারের মুক্তি পিছিয়ে গেছে আগামী বছর। হলিউডের প্রযোজক থেকে হল মালিক—সবাই বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। বড় ছবিগুলোর মধ্যে ‘ওয়ান্ডার ওম্যান নাইন্টিন এইটিফোর’
এখনো এ বছরে আশা দেখাচ্ছে। ছবিটি ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে যা পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত এই সূচি অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।
বড় বাজেটের ছবির মধ্যে মার্ভেলের ব্ল্যাক উইডো ও টপ গানের সিক্যুয়াল পিছিয়ে গেছে আগামী বছর। সম্প্রতি মার্কিনদের সিনেমা হলে ফেরানোর চেষ্টা যথেষ্ট সফল হয়নি। বলা যায় পরিস্থিতি হতাশাজনক। এ অবস্থা দেখে প্রযোজকরা ছবিগুলো আগামী বছর পিছিয়ে দিয়েছেন।
এএমসি এন্টারটেইনমেন্ট, সিনেওয়ার্ল্ড প্লেস ও অন্যান্য চেইন যুক্তরাষ্ট্রে তাদের হল খুলে দিলেও দর্শকদের সে রকম উপস্থিতি নেই। অন্যদিকে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের থিয়েটারগুলো এখনো বন্ধ।
কমস্কোর সিনিয়র মিডিয়া অ্যানালিস্ট পল ডারগারবেডিয়ান বলেছেন, ‘স্টুডিওগুলোকে খুবই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। বাজারের চ্যালেঞ্জ ধারাবাহিকভাবে মাথার ওপর ঝুলে আছে।’
তবে বন্ড ছবি পিছিয়ে দেয়াকে তিনি স্বাগত জানিয়েছেন। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে প্রযোজকরা দেখিয়েছেন যে হল হচ্ছে চলচ্চিত্রের প্রকৃত গন্তব্য। অনেক প্রযোজক হলের জন্য অপেক্ষায় না থেকে স্ট্রিমিং সাইটে ছবি মুক্তি দিয়েছেন।
সূত্র: হলিউড রিপোর্টার










