প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফিল্ম সিন্ডিকেট’ ৩ বছর আগে যাত্রা শুরু করেছিল। ভিন্নধর্মী কনটেন্ট নির্মাণের জন্য এরইমধ্যে দুই বাংলায়ই জনপ্রিয় হয়ে উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। মীর মোকাররম হোসেনের উদ্যোগে নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী ও রেহমান সোবহানকে নিয়ে ২০২০ সালে সূচনা হয় ফিল্ম সিন্ডিকেটের। সোমবার ‘গো উইথ ক্রো’ শীর্ষক এক অনুষ্ঠানে ৭টি ওয়েব সিরিজ এবং ৫টি ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছে ফিল্ম সিন্ডিকেট। 

ওয়েব সিরিজগুলোর মধ্যে রয়েছে ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ ও ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’। আর ৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হচ্ছে ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ ও ‘হেল ব্রোক লুজ’।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও সিইও মীর মোকাররম হোসেন এ উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা প্রযোজনায় একটি সাসটেইনেবল ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছি। যাতে পরিচালক, লেখক, প্রযোজক, অভিনয়শিল্পী এবং প্রযুক্তিবিদরা তো থাকবেনই। এর পাশাপাশি ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা, প্রযোজনা সংস্থা, পরিবেশক, প্রদর্শক, সম্প্রচারক ও স্ট্রিমিং প্লাটফর্মকে এক ছাদের নিচে নিয়ে এসে আমরা একটি সুদূরপ্রসারী অংশীদারত্বের সংস্কৃতি তৈরি করতে চাই।’

‘কাইজার’-এর সাফল্যের ধারাবাহিকতায় তানিম নূর নির্মাণ করবেন পূর্ণদৈর্ঘ্য ক্রাইম থ্রিলার ‘লোহানী’ ও রহস্য সিরিজ ‘পেন্ডুলাম’। রহস্য সিরিজ ‘গুলমোহর’ ও ফিচার ফিল্ম ‘বাইপাস’ বানাবেন সৈয়দ আহমেদ শাওকী। সাই-ফাই ওয়েব সিরিজ ‘ডেল্টা ২০৫১’ নির্মাণ করবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সালেহ সোবহান অনীম বানাবেন ফিচার ফিল্ম ‘খোঁয়ারি’ ও ‘পুলসিরাত’।

এ ছাড়া ভিকি জাহেদ নিয়ে আসছেন সাই-ফাই রহস্য থ্রিলার সিরিজ ‘অদানব’। পরিচালক রবিউল আলম রবি ফিরছেন ‘ঊনলৌকিক-২’ নিয়ে। থ্রিলার রহস্য ড্রামা অ্যান্থলজি ‘দ্বৈত’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। পাশাপাশি ড্রামা ফিল্ম ‘হেল ব্রোক লুজ’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজীব রাফি। দুই দেশের দুই মানুষের তৃতীয় একটি দেশে মিলিত হওয়ার কাহিনী নিয়ে রিয়াদ আরেফিন তৈরি করতে যাচ্ছেন কমেডি সিরিজ ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’।