দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার এ ঘোষণা আসে। তালিকায় সেরাদের দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। বিস্মিত হওয়ার অন্যতম কারণ দ্য কাশ্মীর ফাইলস সেরা হয়েছে। সিনেমাটি নিয়ে অনেক আগে থেকেই নানা বিতর্ক ছিল। আবার এ সিনেমায় অভিনয়ের জন্য বছরের সেরা ভার্সেটাইল অভিনেতার পুরস্কার পেয়েছেন অনুপম খের।

দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আলো কেড়ে নিয়েছেন আলিয়া ভাট। রেখার পাশে রেড কার্পেটে তাকে অসাধারণ লাগছিল। এর পাশাপাশি তিনি জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন। অন্যদিকে ব্রহ্মাস্ত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন রণবীর কাপুর।

এবারের আসরে বলিউডের পাশাপাশি দক্ষিণের তারকা, অভিনেতারাও নজর কেড়েছেন। এর মধ্যে ঋষভ শেঠি পেয়েছেন সেরা উদীয়মান তারকার পুরস্কার। কানতারায় অভিনয়ের কারণে এ পুরস্কার পেয়েছেন তিনি। ভেড়িয়ার জন্য বরুণ ধাওয়ান পেয়েছেন সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেতার খেতাব। অন্যদিকে খল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন দুলকার সালমান। আর বালকির চুপ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।

দ্য কাশ্মীর ফাইলসকে সেরা চলচ্চিত্র ঘোষণার পাশাপাশি এসএস রাজামৌলি পরিচালিত আরআরআরকে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কার দেয়া হয়। সমালোকচদের দৃষ্টিতে সেরা অভিনেত্রী হয়েছেন বিদ্যা বালান। চুপের জন্য আর বালকি পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা মনীশ পল। সেরা প্লেব্যাক গায়ক সচেত ট্যান্ডন ও সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন নীতি মোহন।

সেরা ওয়েব সিরিজ রুদ্র: দি এজ অব ডার্কনেস। বছরের সেরা টেলিভিশন সিরিজ নির্বাচিত হয়েছে অনুপমা। ফানার জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা হয়েছেন জাইন ইমাম। নাগিনে অভিনয়ের জন্য টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী হয়েছেন তেজস্বী প্রকাশ। আর হিন্দি সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন রেখা।

সূত্র: হিন্দুস্তান টাইমস