আগামীকাল আসছে সাফা কবির ও খায়রুল বাসার অভিনীত নাটক ‘আফসোস’। ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে যাচ্ছে নাটকটি। প্রখ্যাত গীতিকার ও রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেনের প্রযোজনায় নির্মিত হয়েছে নাটকটি। পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটি নিয়ে আশাবাদী খায়রুল বাসার। তিনি বলেন, ‘নাটকের গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। নির্মাতাও ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। সে ধারাবাহিকতায় আফসোস একটি ভালো কাজ হতে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি।’ 

সাফা কবিরের সঙ্গে এর আগেও বেশকিছু নাটক করেছেন বাসার। বিশেষত তার অভিনয় জীবনের শুরুতে। এ নিয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের শুরুর দিকে বেশকিছু ভালো ভালো কাজ করেছি সাফা কবিরের সঙ্গে। এ নাটকও সে ধারাবাহিকতা বজায় রাখবে।’

বাসার ও সাফা কবির জানান, এরই মধ্যে তারা দুজন আরো একটি নাটকে কাজ করেছেন। নাটকের নাম ‘অন্তত কথা হোক’। রচনা করেছেন সোহাইল রহমান। পরিচালনা করেছেন টাঙ্গাইলের সন্তান সেলিম রেজা। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। 

নতুন নাটকটিতে অভিনয় প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘অন্তত কথা হোক নাটকটি প্রেমের গল্পের নাটক। এ সময়ের গল্পের নাটক। বর্তমান সময়ের দুজন সহজ মানুষের গল্পের নাটক। নানা জটিলতার মধ্য দিয়ে দুটি ছেলে মেয়ের দেখা হয়, কথা হয়। কিন্তু তারা কনফিউজড যে তারা একে অন্যকে ভালোবাসে কিনা। একটা সময় বুঝতে পারে যে তাদের মধ্যে কিছু একটা আছে।’

এ নাটকের নির্মাতারও প্রশংসা করেন বাসার। তিনি বলেন, ‘নির্মাতা বেশ আন্তরিকতা নিয়ে নাটকটি নির্মাণ করার চেষ্টা করেছেন। আর সাফা কবির সবসময়ের মতোই এ নাটকেও ভীষণ সহযোগিতা করেছে। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও এককথায় চমৎকার।’ 

এদিকে এ দুই নাটক নিয়ে সাফা কবির বলেন, ‘অন্তত কথা হোক ও আফসোস—দুটো নাটক নিয়েই আমি ভীষণ আশাবাদী। সহশিল্পী হিসেবে খায়রুল বাসার এককথায় ভীষণ আন্তরিক। বাসারের অভিনয় আমার নিজেরও খুব ভালো লাগে। সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। দুটো কাজ তার সঙ্গে করে ভালো লেগেছে। আশা করছি, দুটো নাটকই দর্শকের ভালো লাগবে।’ 

পরিচালক সেলিম রেজা বলেন, ‘এর আগে আমি আট-নয়টি নাটক নির্মাণ করেছি। তবে এবারই প্রথম একসঙ্গে এ জুটিকে নিয়ে নাটক নির্মাণ করা। গল্পটার প্রেমে পড়বে দর্শক, ইনশাআল্লাহ।’ সেলিম রেজা জানান, শিগগিরই চূড়ান্ত হবে কোন চ্যানেলে নাটকটি প্রচার হবে।