ছোট্ট চরিত্র দিয়ে অভিনয় শুরু। আজ বনে গেছেন বলিউডের বড় তারকাদের একজন। বলছি নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা। বড় পর্দার পাশাপাশি তিনি ওটিটি প্লাটফর্মেও সমান জনপ্রিয়। স্যাক্রেড গেমস থেকে শুরু করে সিরিয়াস মেন, রাত আকেলি হ্যায়ের মতো দারুণ সব সুপারহিট ওয়েব সিরিজে নওয়াজকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। এবার এই ওটিটির বিরুদ্ধে প্রবল ক্ষোভ উগরে দিলেন এ অভিনেতা। ক্ষোভ প্রকাশ করে নওয়াজউদ্দিন বলেন, ‘আবর্জনা ফেলার জায়গা হয়ে গেছে ওটিটি প্লাটফর্মগুলো’। জানালেন, ওটিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি!

বলিউড তারকার যুক্তি, অপ্রয়োজনীয় ও বিরক্তিকর ওয়েব সিরিজে ক্রমাগত ভরে উঠছে ওটিটি প্লাটফর্মগুলো। তার কথায়, বর্তমানে এমন কিছু ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যার গুণগত মান নিয়ে সত্যিই কিছু বলার নেই। কিছু সিরিজের সিকুয়ালগুলো ভীষণভাবে অপ্রয়োজনীয়।

এখানেই থেমে থাকেননি নওয়াজ। তিনি আরো বলেছেন, ‘ওটিটিগুলো এখন বলিউডের প্রযোজকদের ধান্দা করার জায়গায় পরিণত হয়েছে। স্রেফ ঢালাও ব্যবসা। অজস্র ছবি বা সিরিজ পরপর মুক্তি পাচ্ছে। পেয়েই চলেছে। আর এগুলোর জন্য বিপুল পরিমাণ টাকা পাচ্ছেন প্রযোজকরা। ফলে সিরিজগুলোর মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে।’

নওয়াজউদ্দিনের মতে, ওটিটির বেশির ভাগ কনটেন্ট এখন অসহ্য। যেসব কনটেন্ট দেখারই উপযুক্ত মনে হচ্ছে না, সেখানে অভিনয় করব কী করে?

সম্প্রতি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন নওয়াজ। আর সেটি নেটফ্লিক্সে তার অভিনীত সিরিজ ‘সিরিয়াস মেন’-এর জন্যই।

ছোট ছোট চরিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিনয়ের যাত্রা হয় নওয়াজউদ্দিন সিদ্দিকীর। ১৯৯৯ সালে ‘সারফারোশ’ ছবিতে একটা ছোট্ট চরিত্র, এলাকার ছোট এক গুণ্ডার চরিত্রে দেখা যায় নওয়াজউদ্দিন সিদ্দিকীকে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস