নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে নাট্যদল নবরস। অপু মেহেদীর রচনা ও সৈয়দা শামছি আরা সায়েকার নির্দেশনায় ‘উনপুরুষ’ দিয়ে নাট্যযাত্রা শুরু করেছে দলটি। আজ রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শনী হবে নাটকটির। প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
নবরস নৃত্য ও নাট্যদল ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর বেশ সময় নিয়েই দলটি মঞ্চে আনছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। এ প্রসঙ্গে নাট্যকার অপু মেহেদী বলেন, ‘আমাদের সমাজ মানুষের সামাজিক পরিচয়ের কিছু ছকবাঁধা পরিচয় নির্ধারণ করে রেখেছে। সমাজের এসব নির্ধারিত পরিচয়ের বাইরেও মানুষের পরিচয় রয়েছে। বেড়ে ওঠার সঙ্গে মানুষ তার অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা অনুভূতি দিয়েই ঠিক করে নিতে চায় তার সামাজিক পরিচয়। এ পরিচয় বা আত্মনির্ণয়ে যখন বাধা এসে দাঁড়ায় তখনই সে হয়ে ওঠে বিপন্ন। আমাদের চারপাশে এমন অসংখ্য বিপন্ন মানুষ রয়েছে। তাদের কেউ কেউ পরিচয়ের স্বীকৃতির জন্য সোচ্চার হয়, আবার কেউ কেউ সমাজের ঘৃণিত রূপ দেখার ভয়ে আমৃত্যু আড়াল করে রাখে নিজেকে। আমাদের সমাজের এ আত্মনির্ণয় বিপন্ন মানুষের গল্প বলার প্রয়াসই উনপুরুষ’।
নির্দেশক সামছি আরা সায়েকা বলেন ‘সবকিছুরই ভালো-মন্দ দুটি দিক থাকে। সমাজের যেমন ভালো রূপ আছে তেমনি আছে খারাপ রূপও। সেই খারাপ রূপগুলো দেখার ভয়ে মানুষ নিজেকে বদ্ধ করে রাখে অন্ধ কুঠুরির মধ্যে। তাতে কিন্তু খারাপ রূপের শক্তি বাড়তেই থাকে। সমাজের এ খারাপ রূপ মুছে দিতে হলে তার বিরুদ্ধে সোচ্চার হতে হয়। সমাজের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় অসংগতিগুলো। সেই দায়বদ্ধতা থেকেই নাটকটি করা। এ নাটক দর্শকের হৃদয়ে ভিন্নমাত্রার দাগ কাটবে। কেননা এ ধরনের গল্প নিয়ে বাংলাদেশের মঞ্চে তেমন কাজ হয়নি। এ নাটকের গল্পই এর শক্তি।’
‘উনপুরুষ’ নাটকটিতে অভিনয় করেছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, নূর-এ-খোদা মাশুক সিদ্দীক, সৈয়দা শামছি আরা সায়েকা, জিসান আদিত্য জয়, শখ প্রমুখ। আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, পোশাক উপদেষ্টা ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনা করেছেন এবি সিদ্দিক।










