জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণের বেশকিছু নাটক এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে এবারের ঈদেও মুক্তি পাওয়া তাসনিয়া ফারিণ অভিনীত ইনসাফ সিনেমা দর্শকসাড়া পেয়েছে। এবার এ অভিনেত্রীকে দেখা যায় অপূর্বের বিপরীতে প্রেমের গল্পের নাটক ‘প্রিয় প্রজাপতি’তে। নাটকটি ব্যাপক দর্শকসাড়া পেয়েছে। অফিস এবং দুজন কর্মীর মধ্যকার খুনসুটি নিয়ে নির্মিত নাটকটি। নাটকটিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

বসুন্ধরা টিস্যুর পরিবেশনায় জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

গত রোববার সন্ধ্যায় নাটকটি উন্মুক্ত হয়েছে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে। ঈদের বিশেষ এ নাটকের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে নতুন এ ইউটিউব চ্যানেলটি।

নাটকটি প্রসঙ্গে এর নির্মাতা বলেন, ‘এটি একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোম্যান্টিক-কমেডিও বলা যেতে পারে। সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে। নিয়মিত পড়ি। তার “‍বিলবোর্ড” গল্পটি পড়ার পর সেটাকে নাটকে রূপ দেয়ার ভাবনা মাথায় আসে। অপূর্ব-ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে এটি।’

‘প্রিয় প্রজাপতি’ নাটকটিতে একটি গান রয়েছে, যেটার কথা লিখেছেন সোমেশ্বর অলি। জাহিদ নিরবের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন জাহিদ ও আতিয়া আনিসা।