শিরীন শিলা এ প্রজন্মের নায়িকা। শাকিব খানের সঙ্গে ‘হিটম্যান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে তার যাত্রা হয়েছিল। এরপর শিলাকে ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘মিয়া বিবি রাজি’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘বেগম জান’, ‘ঘর ভাঙ্গা ঘর’, ‘শেষ বাজি’, ‘ নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাসহ আরো বেশকিছু সিনেমায় দেখা যায়। এখনো তিনি ‘ভালোবাসি তোমায়’ সিনেমার ডাবিং করেছেন। নতুন করে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে ওয়েব ফিল্ম ও সিরিজ। শিলা জানালেন, তিনি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ শুরু করতে যাচ্ছেন চলতি মাসেই। 

মে মাসের মাঝামাঝি শিরীন শিলা অভিনয় করতে যাচ্ছেন ‘ব্যাড গার্লস’ শিরোনামের একটি সিরিজে। অনুরূপ আইচের কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে সেলিম রেজার পরিচালনায় শিলা এ ওয়েব সিরিজে কাজ করবেন। এদিকে তানিম আহমেদের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘স্বয়ম্বর’-এও কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। আপাতত একটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্মের কাজ নিয়ে আবারো অভিনয়ে ব্যস্ত হচ্ছেন তিনি। শিরীন শিলা বলেন, ‘এর আগেও আমি ওয়েবের জন্য কাজ করেছিলাম। কিন্তু তা এখনো প্রকাশ্যে আসেনি। ব্যাড গার্লস ওয়েব সিরিজের গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। যে কারণে কাজটি করতে আগ্রহী হয়ে উঠি। কাজটি যেন ভালোভাবে হয় সে প্রত্যাশাই থাকবে পরিচালকের কাছে। আর স্বয়ম্বর মূলত একটি ওয়েব ফিল্ম। গল্পটা আপাতত শেয়ার করতে চাই না। এটি নিয়েও আমার প্রত্যাশা ভীষণ।’