বাংলাদেশের
কিংবদন্তি আবৃত্তিশিল্পী,
অভিনেতা গোলাম মুস্তাফা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত আট বছর গোলাম মুস্তাফা
স্মৃতি সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রতি বছরই গোলাম মুস্তাফার উত্তরসূরি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার
উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। যথারীতি চলতি বছরও এ সম্মাননা তুলে দেয়া
হয়েছে বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর
হাতে।
আবৃত্তি সংগঠন
‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তি শিল্পের পুরোধা ব্যক্তিত্ব আবৃত্তিশিল্পী
ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৭ সাল থেকে এ সম্মাননা
প্রবর্তন করেছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রতি বছর সংগঠনটি এ সম্মাননা প্রদান করে থাকে। কিংবদন্তি আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার
৯০তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (৩ মে) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে নাসির
উদ্দিন ইউসুফের হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের
সম্মাননা প্রদান পর্বে অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর
রশীদ, আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায় ও অভিনয়শিল্পী
সুবর্ণা মুস্তাফা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভাগ্যধন
বড়ুয়া, উপস্থাপনা করেন মুজাহিদুল ইসলাম। এ সময় অতিথিরা সম্মাননাপ্রাপ্ত গুণীজন নাসির
উদ্দিন ইউসুফ বাচ্চুর হাতে তুলে দেন উত্তরীয়, একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক, সম্মাননা
স্মারক ও সম্মাননা আর্থিক
মূল্য ১০ হাজার টাকা।
অনুষ্ঠানে
স্মৃতিচারণ, কথামালা ও আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা,
মীর বরকত, অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী সাবেরী
আলম, আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান, মাশকুর এ সাত্তার কল্লোল, ফয়জুল্লাহ সাঈদ,
নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, মজুমদার বিপ্লব, সুকান্ত গুপ্ত, মিসবাহিল মোকার
রাবিন, পলি পারভীন, মেহেদী হাসান আকাশ প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে ঢাকা স্বরকল্পন,
শিল্পবৃত্ত, বাংলা আমার ও তারুণ্যের
উচ্ছ্বাস।
ফিচার প্রতিবেদক










