ইরানে চলমান আন্দোলনে সমর্থন দেয়ায় গ্রেফতার করা হয়েছে দেশটির অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে। সরকারের বিরোধিতা করে ভুল ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে শনিবার তাকে গ্রেফতার করা হয়। এ অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্দোলনে সমর্থন জানান এবং আন্দোলনকারীদের পাশে থাকার কথা বলেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়। ইরান সরকারের এক মুখপাত্রের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইরানে হিজাব পরায় বাধ্যবাধকতা নিয়ে চলছে আন্দোলন। হিজাব না পরার অপরাধে ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহশা আমিনির মৃত্যু হয়েছিল। এর পরই শুরু হয় তরুণদের আন্দোলন। ঘটনার দিনই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তারানেহ লিখেছিলেন, ‘বন্দিত্বের অভিশাপ।’ ৯ নভেম্বর তিনি স্কার্ফ পরা ছাড়া নিজের ছবি পোস্ট করেন। সেখানে নারীদের স্বাধীনতার কথা তুলে ধরেন। এমনকি ৮ ডিসেম্বর ঘটা মোহসেন শেখরির মৃত্যুদণ্ডের প্রতিবাদ না করার বিষয়েও তিনি ছিলেন সোচ্চার। তিনি লিখেছিলেন, ‘মোহসেন শেখরির রক্তপাত নিয়ে নিশ্চুপ থাকার বিষয়টি মানবতার অপমান।’ এসব বিষয় নিয়ে তারানেহকে ‘দাঙ্গাবাজ’ তকমা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিনেমার দর্শকসহ সচেতন মানুষের কাছে তারানেহ পরিচিত নাম। ইনস্টাগ্রামে তার ৮০ লাখের বেশি অনুসারী আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারাই তিনি মানুষের কাছে প্রতিবাদের বাণী পৌঁছে দেয়ার চেষ্টা করেছেন।
তারানেহর গ্রেফতারির বিরুদ্ধে এরই মধ্যে সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। বিশের অধিক সিনেমায় অভিনয় করা তারানেহ তার অভিনয়ের জন্য প্রশংসিত ও পুরস্কৃত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক আসগর ফরহাদীর ‘দ্য সেলসম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন তারানেহ আলিদুস্তি। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ‘লায়লাস ব্রাদর্স’ প্রদর্শিত হয়। সিনেমাটিও প্রশংসা কুড়িয়েছিল।
সূত্রঃ বিবিসি










