থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এ প্রতিযোগিতায় মিথিলা নিজের উপস্থিতি এরই মধ্যে জোরেশোরে জানান দিয়েছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে তিনি এখন ‘পিপলস চয়েস’ ভোটে প্রথম স্থানে রয়েছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে মিস ইউনিভার্স অ্যাপে দেখা যায়, মিথিলার ভোটের সংখ্যা প্রায় ৩ লাখ ৮৮ হাজার, যেখানে দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের প্রতিনিধির ভোট প্রায় ৩ লাখ ৭৭ হাজার।

এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘এখন বাংলাদেশ এক নম্বরে। এটি শুধু আমার নয়, আমাদের সবার জয়। ভোট দিতে থাকুন ১৯ নভেম্বর পর্যন্ত। চলুন, এক সঙ্গে ইতিহাস গড়ি—অপ্রতিরোধ্য বাংলাদেশ!’

এর আগে মিথিলা সেরা ১০ থেকে সেরা পাঁচে উঠেছেন এবং তারপর তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য এখনো তুমুল ভোট প্রচারণা চলছে।

দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মিথিলার পাশে দাঁড়িয়েছেন। জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ অনেকে সামাজিক মাধ্যমে মিথিলার জন্য ভোট চেয়ে পোস্ট করছেন।

দেশের যেকোনো প্রান্ত থেকে মিথিলাকে ভোট দেয়া সম্ভব। মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ নির্বাচন করে ‘গেট ভোট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বিভিন্ন বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে ভোট দেয়া যাবে। এছাড়া প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেয়ার সুযোগও রয়েছে।

তানজিয়া জামান মিথিলা চলতি বছরের সেপ্টেম্বরে ‘ফ্লোরাব্যাংক মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব জিতেছেন। ২০২০ সালে একই খেতাব অর্জন করেছিলেন, কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক পর্বে অংশ নিতে পারেননি। এবার পুনরায় স্বপ্নের মঞ্চে ফিরে এসে তিনি নতুন ইতিহাস গড়ছেন।