ভারত উপমহাদেশ দীর্ঘদিন শাসন করেছে ব্রিটিশ সরকার। বহু সংগ্রাম করে ১৯৪৭ সালে স্বাধীন হয় ভারতবর্ষ। এ ইতিহাস একদিনে রচিত হয়নি। বহু বীরের সাহসিকতা আর সংগ্রামের ফসল এটি। এমন বীরদের নিয়ে বলিউডে নির্মিত হয়েছে সিনেমা ও সিরিজ। পর্দায় এ যোদ্ধাদের চরিত্র ফুটিয়ে তুলে প্রশংসা পেয়েছেন এমন তারকাদের সংখ্যা কম নয়। ভিকি কৌশল, কঙ্গনা রানাউত, আমির খানসহ অনেক অভিনেতা পর্দায় স্বাধীনতা সংগ্রামীদের অভিনয় করেছেন।
অজয় দেবগন
ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম একজন ভগত সিং। তার সাহস তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক। তাকে নিয়ে নির্মিত দ্য লিজেন্ড অব ভগত সিং সিনেমায় অজয় দেবগন অভিনয় করেছেন ভগত সিংয়ের চরিত্রে। সিনেমাটি ২০০২ সালে মুক্তি পায়। সে বছর অজয় দেবগন সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অন্য দুই বলিউড তারকা মনোজ কুমার ও ববি দেওল।
কঙ্গনা রানাওয়াত
২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা চলচ্চিত্র মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসিতে রানী লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত। মণিকর্ণিকা ১৮৫৭ সালে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহে অংশ নেয়া একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। এ চরিত্রে অভিনয়ের জন্য কঙ্গনাকে ঘোড়ায় চড়া ও তলোয়ার চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছিল। দর্শক-সমালোচকদের কাছে ইতিবাচক প্রভাব রেখেছিল সিনেমাটি। এতে অভিনয়ের জন্য ২০২১ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন কঙ্গনা।
আমির খান
১৮৫৭ সালে ব্রিটিশ বিদ্রোহে অংশ নিয়েছিলেন মঙ্গল পান্ডে। তিনি ছিলেন ভারতীয় একজন সৈনিক। ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার দায়ে মঙ্গল পান্ডেকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। তার বীরগাথা নিয়ে ২০০৫ সালে নির্মিত হয় মঙ্গল পান্ডে: দ্য রাইজিং। এ সিনেমায় মঙ্গল পান্ডের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের অন্যতম সফল তারকা আমির খান। চরিত্রটির দুর্দান্ত চিত্রায়ণের জন্য প্রশংসা পেয়েছিলেন এ বলি অভিনেতা।
ভিকি কৌশল
সর্দার উধম সিং ছিলেন একজন সাহসী ভারতীয়, যিনি ভারত উপমহাদেশকে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত করতে চেয়েছিলেন। ১৯১৯ সালে ভারতের পাঞ্জাবের সাবেক লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারকে হত্যা করার জন্য সুপরিচিত সর্দার উধম সিং। ২০২১ সালে উধম সিংয়ের বীরত্ব নিয়ে নির্মিত হয় সর্দার উধম সিনেমাটি। আর এ চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল। সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। আর ভিকি তার অভিনয়ের সর্বোচ্চ দিয়ে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন।
রাজকুমার রাও
নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের অন্যতম একজন পথপ্রদর্শক, যিনি ভারত উপমহাদেশকে স্বাধীন করতে লড়াই করেছেন। ২০১৭ সালে একটি ওটিটি প্লাটফর্মের জন্যবোস: ডেড/অ্যালাইভ সিরিজটি নির্মাণ করা হয়। এতে সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও। সিরিজে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন রাজকুমার রাও।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










