এ মাসেই মুক্তি পেল সুরিয়া অভিনীত ‘কাঙ্গুভা’। সিনেমাটিতে সুরিয়ার সঙ্গে অভিনয় করেছেন ববি দেওলও। শিবা পরিচালিত কাঙ্গুভা সুরিয়ার অন্যতম বড় বাজেট ও পরিসরের সিনেমা। তবে সে অনুসারে ইতিবাচক কথা হচ্ছে না এ সিনেমা নিয়ে। অবশ্য শুরুতে মোটামুটি ব্যবসা করেছে এটি। ১৪ নভেম্বর মুক্তি পেয়ে সিনেমাটি এরই মধ্যে ভারতের বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৫০ কোটি রুপির মতো। এছাড়া সারা বিশ্ব থেকে আয় করেছে প্রায় ১৫০ কোটি রুপি। কাঙ্গুভা মূলত ফ্যান্টাসি ঘরানার সিনেমা। একাধিক টাইমলাইনে এর গল্প চলেছে। সিনেমার প্রচারও বেশ ঘটা করেই করেছেন নির্মাতারা। কিন্তু সে অনুসারে সিনেমা মুক্তির পর ইতিবাচক রিভিউ আসেনি। এটি দর্শক পছন্দ করতে পারেননি নানা কারণে। ফলে বক্স অফিসেও এর প্রভাব পড়েছে। মুক্তির দিনে বক্স অফিসে সিনেমাটির আয় ছিল ২৪ কোটি রুপি। ভারতীয় সব ভাষা মিলিয়ে এ আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় দিনে ৬০ শতাংশ আয় কমেছে। মোট আয় ছিল সাড়ে ৯ কোটি রুপির মতো। গত শুক্র ও শনিবার এর মোট আয় ছিল ৯ কোটি ৮৫ লাখ রুপি।

ভারতের বক্স অফিস বিশেষজ্ঞ সাচনিল্ক জানাচ্ছে, রোববার সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে আয় দাঁড়াচ্ছে ৫৩ কোটি রুপি। দক্ষিণ ভারতের অন্যান্য সিনেমার মতোই এটিও মূল ভাষায় (এর ক্ষেত্রে তামিল) ভালো আয় করলেও ডাব করা ভার্সনে পিছিয়ে আছে। এদিকে পাঁচদিন পার করে সিনেমাটির তামিল সংস্করণে দর্শক আগমন ৩৪ শতাংশ ও অন্যদিকে হিন্দি সংস্করণে ১৪ দশমিক ৫ শতাংশ।

তবে এর মধ্যে ভারতের বাইরের বাজার থেকে কিছু আয় করার কারণে সিনেমাটি উতরে যাচ্ছে। ভারতের বাইরে থেকে প্রায় ৯০ কোটি রুপি আয় করে এর মোট আয় দাঁড়িয়েছে ১৪০ কোটি রুপির মতো।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস