দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশী নাগরিকদের নিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। শুরুর দিকে বিষয়টি ১০-১২ জন বিদেশীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কখনো কখনো শতকের ঘরেও পৌঁছে যায়। এ বিদেশীদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। বিদেশীদের নিয়ে তাদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় আমাদের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসংগতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। এসব ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি বক্তব্যের মাধ্যমে। দীর্ঘ দুই যুগ ধরে প্রতি ঈদেই হানিফ সংকেত বিদেশীদের নিয়ে পর্বটি করছেন।
তাই ঢাকায় বসবাসরত বিদেশীদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দুটি প্রিয় নাম। এ দেশে না থাকলেও বিদেশীরা তাদের বন্ধুবান্ধব ও নতুন সহকর্মীদের ইত্যাদির পর্বটির ব্যাপারে উৎসাহিত করেন। বিদেশীরা মনে করেন এটি তাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা, অন্য রকম আনন্দ, যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। তাই তারা উৎসাহের সঙ্গে পর্বটির জন্য অপেক্ষা ও অংশগ্রহণ করেন। তাছাড়া ইত্যাদি প্রচারের পর এতে অংশগ্রহণ করা বিদেশীরা বাইরে বের হলে দর্শক যখন তাদের চিনতে পারেন, তাদের করা চরিত্র নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেন, তখন তাদের ভালো লাগে। একটি অনুষ্ঠানের ছোট্ট একটি পর্বে স্বল্প সময়ের উপস্থিতিতে তাদের এ পরিচিতি তাদের বিস্মিত করে, আনন্দিত করে। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক। যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। শত ব্যস্ততার মধ্যেও বিদেশীরা তাদের ছুটির দিনগুলোয় ইত্যাদির জন্য মহড়া করেন। বিদেশীদের নিয়ে এবারের ঈদে হানিফ সংকেত নির্মাণ করেছেন গুজব নিয়ে একটি চমৎকার নাটিকা।
‘গুজব’ মানে হচ্ছে ‘অপতথ্য’, অর্থাৎ অযাচাইকৃত তথ্য, যা দিনকে রাত করে, সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, নিশ্চিত বিষয়কে অনিশ্চিত করে দেয়। একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কে টানাপড়েন, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি হতে পারে। সামাজিক সম্প্রতি ও সংহতি ব্যাহত করতে পারে। গুজবের কারণে সম্পর্কের এ টানাপড়েন নিয়েই করা হয়েছে এবারের বিদেশীদের পর্ব। পাশাপাশি বরাবরের মতোই রয়েছে বিদেশীদের অংশগ্রহণে একটি গানের সঙ্গে অসাধারণ নৃত্য।
বিদেশীদের সঙ্গে কাজ করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশীদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট-সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশীদের সঙ্গে যে আত্মিক বন্ধন তৈরি হয়, তা কখনই ভোলার নয়। আশা করি, প্রতিবারের মতো এবারো পর্বটি দর্শককে অনেক আনন্দ দেবে।’
প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।










