আবারো ব্যতিক্রমী প্রদর্শনী নিয়ে আসছেন সব্যসাচী হাজরা। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে তার ‘প্রাইমার টু প্রেস’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন আজ বিকাল ৫টায়। একই সঙ্গে প্রকাশিত ও প্রদর্শিত হবে তার নতুন বই ‘বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয়’ সংকলন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ও শিল্পী নিসার হোসেন, অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য্য, ডিজাইনার ও শিল্পী চন্দ্র শেখর সাহা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ এবং সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ। 

কবি প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয়। এটি বাংলা প্রাইমার নিয়ে বিস্তৃত অন্বেষণের ফলাফল। বইয়ে ১৮৪৯-১৯৪৮ সাল পর্যন্ত প্রণীত নির্বাচিত আটটি বর্ণমালা বই সংকলিত হয়েছে। বর্ণমালা বইয়ের ঐতিহাসিক উপাত্ত এবং তথ্যের গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে, সব্যসাচী হাজরা এর লেটারিং, সম্পাদনা ও মুদ্রণ কৌশলের বিবর্তন উন্মোচন করেছেন।

সব্যসাচী হাজরা (জন্ম ১৯৭৮) বাংলাদেশের একজন শিল্পী ও লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কন ও চিত্রকলায় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রচ্ছদ ডিজাইন, ব্র্যান্ড কমিউনিকেশন ও ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন থেকে শুরু করে প্রকাশনা শিল্পে লেআউট এবং ইলাস্ট্রেশন পর্যন্ত তার কর্মপরিধি।

আজ থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বাংলা বর্ণমালা বইয়ের আলোকিত ইতিহাস তুলে ধরে সেকালের মুদ্রণশিল্পের আকর্ষণীয় বিভিন্ন নিদর্শনের পাশাপাশি নির্বাচিত মূল বর্ণমালা বইগুলোও প্রদর্শন হবে। দর্শকরা মুদ্রণ কৌশলের বিবর্তন সম্পর্কে সম্যক ধারণা অর্জনের পাশাপাশি কাঠের ব্লক প্রিন্টিং ও মুভেবল টাইপ সেটের মতো ঐতিহাসিক সরঞ্জামাদি দেখতে পারবেন। প্রদর্শনীতে বিভিন্ন নকশা ও চিত্রের মাধ্যমে বিভিন্ন বাংলা বর্ণমালার শৈল্পিক যাত্রাকেও উপস্থাপন করা হবে। 

প্রদর্শনীটি চলবে ১৮ মে ২০২৪ পর্যন্ত। রোববার বাদে সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।