বাংলাদেশী নির্মাতা আবু শাহেদ ইমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনেমেন্ট অব সিক্রেট টক’ জাপানের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর নির্মাণ কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪-এর অধীনে। বিশ্বব্যাপী অসংখ্য আবেদনকারীর মধ্যে প্রতিযোগিতামূলকভাবে কিয়োটো ফিল্মমেকারস ল্যাব ২০২৪-এ প্রথমবারের মতো বাংলাদেশী কোনো নির্মাতা এ সম্মান অর্জন করলেন।
জাপানের হোক্কাইডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪, নাসু শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪ ও তাচিকাওয়া মেইগাজা স্ট্রিট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ প্রদর্শন হবে টেনেমেন্ট অব সিক্রেট টক।
শোচিকু দলের অংশ হিসেবে ইমনের নির্দেশনায় নির্মিত টেনেমেন্ট অব সিক্রেট টক একটি ঐতিহ্যবাহী জাপানি জিদাইগেকি স্টাইলে তৈরি করা হয়েছে, যেখানে কিয়োটোর শোচিকু স্টুডিওর খোলা সেট, আসল কস্টিউম ও ঐতিহাসিক প্রপ ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রটি জাপানের প্রাচীন চলচ্চিত্র নির্মাণ ধারা ও ইমনের নিজস্ব নির্মাণশৈলীর সমন্বয়, যা আন্তর্জাতিক নির্মাতাদের একটি মেধাবী দলের সহযোগিতায় আরো সমৃদ্ধ হয়েছে।
নিজের অভিজ্ঞতা নিয়ে আবু শাহেদ ইমন বলেন, ‘শোচিকু স্টুডিওতে আন্তর্জাতিক কলাকুশলীর সঙ্গে টেনেমেন্ট অব সিক্রেট টক তৈরি করতে পারা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞ যে চলচ্চিত্রটি জাপানের দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং কিয়োটো ফিল্মমেকারস ল্যাবের পরামর্শকরা আমাকে সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছে। এর আগে আবু শাহেদ ইমন ‘জালালের গল্প’, ‘ইতি তোমারই ঢাকা’, ‘মারকিউলিস’, ‘পাতালঘর’, ‘পায়ের তলে মাটি নাই’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। এর মধ্যে ২০১৬ সালে জালালের গল্প, ২০২০ সালে ইতি তোমারই ঢাকা ও ২০২৩ সালে পায়ের তলে মাটি নাই অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল।










