নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন দীপিকা পাড়ুকোন। চলতি বছরে ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন এ অভিনেত্রী। এবার দীপিকার নতুন প্রজেক্ট ‘ফাইটার’। এ সিনেমার মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে। 

সিনেমাটিতে হৃতিকের লুক প্রকাশের একদিন পরই নির্মাতারা দীপিকা পাড়ুকোনের চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্য একটি নতুন পোস্টার উন্মোচন করেছেন। সিনেমায় দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন। যেখানে তিনি ‘মিন্নি’ নামে পরিচিত। ফাইটারের লুক প্রকাশের পর ভক্তদের প্রশংসা পাচ্ছেন দীপিকা।

সিনেমাটিতে পাইলট হিসেবে দেখা যাবে দীপিকাকে। পাইলট চরিত্রে এটিই তার প্রথম অভিনয়। দীপিকা পাড়ুকোন তার সোশ্যাল মিডিয়ায় নিজের এ এক্সক্লুসিভ লুক শেয়ার করেছেন এবং ক্যাপশনে লেখেন, ‘স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর, কল সাইন: মিন্নি, পদবি: স্কোয়াড্রন, পাইলট ইউনিট: এয়ার ড্রাগনস’। 

নির্মাতাদের মতে, দীপিকার চরিত্রটি দৃঢ়তা, সংকল্প ও একজন যোদ্ধার অটল চেতনাকে তুলে ধরে। সিনেমাটি পরিচালনা করেছেন পাঠানখ্যাত পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা। ম্যাট্রিক্স পিকচার্সের সহযোগিতায় সিনেমাটি প্রযোজনা করেছেন ভায়াকম ১৮ স্টুডিওজ।

চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘‌ফাইটার’-এর টিজার। এ টিজারে অ্যাকশন অবতারে দেখা মিলেছে হৃতিক, দীপিকা ও অনিল কাপুর। নির্মাতা জানিয়েছিলেন, এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক। এছাড়া সিনেমাটির টিজার দেখে ধারণা করা যাচ্ছে, এটি মূলত ভারতীয় বিমানবাহিনীর দুর্ধর্ষ অভিযানের গল্পকে ফুটিয়ে তোলা হবে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন করন সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়, তালাত আজিজ।

প্রায় ২৫০ কোটি রুপি বাজেটে নির্মাণ করা হচ্ছে ফাইটার। সাধারণত কোনো বিগ বাজেটের সিনেমা মুক্তির এক মাস আগে প্রচারণা শুরু করে। তবে এ সিনেমার ক্ষেত্রে কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করছে ফাইটার টিম। জানা গেছে, টানা ৫০ দিনের প্রচারণা চালাবে তারা ।

২০১৯ সালে ভারতের বিমান বাহিনীর যুদ্ধ নিয়ে ফাইটারের গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিককে নিয়ে এ নির্মাতার দ্বিতীয় সিনেমা এটি। এর আগে করেছিলেন ‘ওয়ার’। হৃতিক রোশনের ফাইটার আলোচনায় আসে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর। পোস্টার প্রকাশ সামনে আসতেই ভক্তদের ইতিবাচক মনোভাব ও সমালোচনার মুখেও পড়েছেন হৃতিক। হৃতিকের ফাইটারের লুকের সঙ্গে অনেকেই টম ক্রুজের ‘টপ গান’ সিনেমার লুকের মিল পেয়েছেন। তার পরই শুরু। অনেকেই বলে বসেন এটি টম ক্রুজের ‘টপ গান’ সিনেমার কপি হতে যাচ্ছে। তবে সব উত্তর মিলবে আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি মুক্তির পর।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপেস