জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। এবারের ঈদে গ্রামের এক জটিল গল্পে নির্মিত ঈদের নাটক লাইজুতে অভিনয় করেছেন তিনি। সিএমভির ব্যানারে এ কে পরাগের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, সাদিয়া আয়মান ও শরাফ আহমেদ জীবন। সদ্য নির্মিত এ বিশেষ নাটকের সিনেমাটোগ্র্যাফিতে ছিলেন ভাস্কর জনি।
নাটকের গল্পে লাইজু নামের একটা মেয়ে হারানো গেছে, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারে না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পায়, তাহলে কাবিলপুর বাজারে চিশতি ফকিরের কাছে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করা হলো।’ মাইকে এমন ঘোষণার মধ্য দিয়ে গল্পের শুরু। এরপর এ লাইজুকে ঘিরে কাবিলপুর গ্রামে গড়ায় অনেক জল।
নির্মাতা জানান, গল্পের এক পর্যায়ে ঠিকই ফিরে আসে লাইজু। কিন্তু তাকে কেউ ভূত মনে করে, কেউ পাগল ভাবে। চলতে থাকে কাবিলপুর গ্রামের লাইজুকে ঘিরে গ্রাম্য রাজনীতি।
নির্মাতার মতে, ‘ঈদে অসংখ্য নাটক নির্মাণ হয় বটে। যার বেশির ভাগই কমেডি ঘরানার। তবে এবার আমি চেষ্টা করেছি একটু সিরিয়াস গল্প বলতে। যেখানে গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা যায়। এর মধ্যে মজার ঘটনাও রয়েছে আবার সিরিয়াস প্রেমের রসায়নও থাকছে। আমি মনে করি, ঈদে দর্শকের জন্য এটা দারুণ একটা কনটেন্ট।’
লাইজুর প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবে লাইজুসহ প্রায় ২০টি কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শককে। যার সব ক’টি ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে চাঁদরাত থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে।










