বলিউড অভিনেতা হৃতিক রোশনকে বেশির ভাগ সিনেমায়ই অ্যাকশন অবতারে দেখা যায়। এবার এ অভিনেতা মুক্তির অপেক্ষায় আছে ‘ফাইটার’ সিনেমার। আগামী জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। আসন্ন সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ফাইটার টিম। বিমান বাহিনীর যুদ্ধের সিনেমা ফাইটার। 

বক্স অফিসে অবস্থান গড়তে ব্যাপক প্রচারণায় নামার পরিকল্পনা নিয়েছেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। সে লক্ষ্যে ৫০ দিন প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সে ধারা বজায় রেখেই হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন ধর্মী ফাইটার সিনেমার টিজার প্রকাশ পাবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ফাইটার সিনেমা নিয়ে প্রচারণা চালাচ্ছেন হৃতিক রোশন। ফাইটারের মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি হিসেবে দেখা যাবে হৃতিক ও দীপিকাকে। চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ফাইটারের টিজার। সিনেমাটির টিজারে অ্যাকশন অবতারে দেখা মিলেছে হৃতিক, দীপিকা ও অনিল কাপুর। নির্মাতা জানিয়েছিলেন, এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক। 

২০১৯ সালে ভারতের বিমান বাহিনীর যুদ্ধ নিয়ে ফাইটারের গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। হৃতিককে নিয়ে এ নির্মাতার দ্বিতীয় সিনেমা এটি। এর আগে করেছিলেন ‘ওয়ার’। হৃতিক রোশনের ফাইটার আলোচনায় আসে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর। পোস্টার প্রকাশ সামনে আসতেই ভক্তদের ইতিবাচক মনোভাব ও সমালোচনার মুখেও পড়েছেন হৃতিক। হৃতিকের ফাইটারের লুকের সঙ্গে অনেকেই টম ক্রুজের ‘টপ গান’ সিনেমার লুকের মিল পেয়েছেন। তার পরই শুরু। অনেকেই বলে বসেন এটি টম ক্রুজের ‘টপ গান’ সিনেমার কপি হতে যাচ্ছে। তবে সব উত্তর মিলবে আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি মুক্তির পর।

 সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস