শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ভারত ও আন্তর্জাতিক বাজারে রীতিমতো ঝড় তুলেছে। বক্স অফিসের রাজা শাহরুখ খান যে ফিরে এসেছেন, তা জানাতেই প্রতিদিন নতুন নতুন রেকর্ড গড়ে যাচ্ছে।

প্রথম সপ্তাহে সিনেমাটি বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়েছে। এ সাফল্য ধরে রাখতে প্রযোজক আদিত্য চোপড়া একটি কৌশলগত পদক্ষেপ নিয়েছেন। আর তা হলো, কমিয়ে দিলেন টিকিটের দাম!

সংবাদমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে জানায়, ‘পাঠান’-এর প্রযোজক টিকিটের দাম ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে আরও বেশি দর্শক টানার কথা ভাবছেন আদিত্য চোপড়া।

এমনিতেই সাপ্তাহিক ছুটির দিন রোববারের পর ছবির দর্শক কমতে থাকে। যেমন; সপ্তাহের দ্বিতীয় উইকডে’তে ‘পাঠান’-এর আয় ছিল ২০ কোটি রুপি। এ অঙ্ক যেকোনো হিন্দি সিনেমার জন্য লোভনীয়। তা সত্ত্বেও ঝুঁকি নিতে রাজি নন ইয়াশরাজ ফিল্মস।

প্রতিবেদনে বলা হয়, গড়পরতা সিনেমার ক্ষেত্রে মুক্তির দ্বিতীয় সপ্তাহে টিকিটের দাম কমানো হয়। ‘পাঠান’ মুক্তির মাত্র পাঁচ দিন পর আদিত্য এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, টিকিট দাম কমালে সেল ড্রপের হার কমবে। বেশি দর্শক আসবে, আর হাউজফুল শো’র সংখ্যা বাড়বে।

প্রতিবেদন অনুসারে, দিল্লি ও কিছু অঞ্চলের টিকিটের দাম ছিল ১৮০-২১০০ রুপি। এখন টিকিটের প্রারম্ভিক দাম ৭৫ রুপি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন হয়েছেন জন আব্রাহাম। এ ছাড়া ক্যামিও করেছেন সালমান খান।