জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ নাটক নিয়ে বিটিভির জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক। পরিচালনা করেছেন ফিরোজ আহমেদ দুলাল। এরই মধ্যে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
আলেয়া নজরুলের দ্বিতীয় নাটক। ১৯৩১ সালে এটি প্রথম মঞ্চস্থ ও প্রকাশিত হয়। শুরুতে নাম ছিল ‘মরুতৃষা’, পরে পরিবর্তন হয়ে হয় আলেয়া। ত্রিভুজ প্রেম ও তার পরিণতিই নাটকের মূল বিষয়। যদিও রবীন্দ্রনাথের ‘মায়ার খেলা’র সঙ্গে মিল পাওয়া যায়, নজরুল এর কাহিনী জটিলতা ও তীব্র নাটকীয়তায় একে স্বতন্ত্র করেছেন।
এ নাটকে কাকলী চরিত্রে অভিনয় করেছেন শিউলী শিলা। তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবির লেখা দ্বিতীয় নাটকে অভিনয় করতে পেরে আমি সৌভাগ্যবান। কাকলী চরিত্র ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছি। এজন্য পরিচালককে ধন্যবাদ।’
অভিনয়জীবনের শুরুতে শিউলী শিলা বহু বিটিভি নাটকে কাজ করেছেন। এখনো সে ধারাবাহিকতা আছে। তার মতে, বিটিভির নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করতে সবসময়ই ভালো লাগে।
২৯ আগস্ট নজরুলের মৃত্যুবার্ষিকীতে নাটকটি প্রচার হবে বিটিভিতে।
শিউলী শিলা এর আগে প্রয়াত পরিচালক বেলাল আহমেদের সরকারি অনুদানের সিনেমা ‘অনিশ্চিত যাত্রা’য় অভিনয় করেছিলেন। এরপর সিনেমায় কাজ করলেও নাটকেই বেশি ব্যস্ত ছিলেন। পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করে প্রশংসা পেয়েছেন।
তবে তার আক্ষেপ, ভালো গল্পের সিনেমায় সুযোগ কম পেয়েছেন। এমবি মানিক পরিচালিত ‘প্রেম কয়েদী’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ছোট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ হয়েছিল। শিলার মতে, ‘মানিক ভাই বা বেলাল আহমেদ বেঁচে থাকলে হয়তো আরো সিনেমায় কাজ করার সুযোগ পেতাম।’










