বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৮৭ বছর বয়সে এসেও তার ভরাট কণ্ঠ এতটুকু ক্ষীণ হয়নি। ছয় দশকের বিস্তৃত এক ক্যারিয়ার তার। ১৯৬০ সালে ‘দিল ভি তেরে হাম ভি তেরে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে যাত্রা করেছিলেন। এ পর্যন্ত ৩০০টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ও বিনিয়োগ করেছেন। খাবার ও আতিথেয়তা সেবার ব্যবসাও আছে তার। ২০০২ সালে ‘গরম ধরম ধাবা’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন। ‘হি-ম্যান’ নামে আরো একটি রেস্তোরাঁ আছে তার। ভারতের হরিয়ানা প্রদেশের কর্নাল মহাসড়কে এটি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৩৩৫ কোটি রুপির বেশি। এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বিজনেস ইনসাইডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় বর্ষীয়ান তারকাদের অন্যতম ধর্মেন্দ্র। ভক্তদের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ হাতছাড়া করেন না এ অভিনেতা। ইনস্টাগ্রামে তিনি তার বিলাসী জমকালো জীবনযাপনের চিত্র শেয়ার করেন। স্বাস্থ্যসচেতনতা বিষয়ে রয়েছে তার বিশেষ আগ্রহ। তিনি তার অ্যাকুয়া থেরাপি ও দৈনন্দিন শরীরচর্চার ভিডিও অনলাইনে ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
ধর্মেন্দ্র তার পরিবারের সঙ্গে মুম্বাইয়ে বাস করেন। তবে প্রায়ই লোনাভালায় ভ্রমণ করতে যান। এটি মুম্বাইয়ের নিকটবর্তী একটি পাহাড়ি শহর। পদ্মভূষণজয়ী এ অভিনেতার সেখানে বিশাল একটি খামারবাড়ি আছে। এর আয়তন ১০০ একর। নাগরিক কোলাহল থেকে দূরে এ খামারবাড়ি আধুনিক সব সুযোগ-সুবিধায় সুসজ্জিত। এখানে একটি সুইমিং পুল আছে। এখানে তিনি ‘অ্যাকুয়া থেরাপি’ নিয়ে থাকেন।
মহারাষ্ট্রে ধর্মেন্দ্রর অনেক সম্পত্তি আছে। এগুলোর মোট মূল্য ১৭ কোটি রুপি। প্রদেশটির কৃষিজমিতে তার বিনিয়োগ ৮৮ লাখ এবং অন্যান্য জমিতে ৫২ লাখ রুপি। এগুলোই শেষ নয়। ধর্মেন্দ্র একটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করছেন এখানে। ২০১৫ সালে ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুসারে, লোনাভালায় খামারবাড়ির কাছে ১২ একরের একটি প্লটের ওপর ৩০টি কটেজ নির্মাণে তার অংশীদারত্ব আছে।
ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার হিট সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। সামনে করণ জোহরের রোমান্টিক ড্রামা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় তাকে দেখা যাবে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন রণবীর সিং, আলিয়া ভাট, জয়া বচ্চন ও শাবানা আজমি। এ সিনেমা থেকে তিনি ৫ কোটি রুপি আয় করবেন বলে জানা গিয়েছে। ‘আপনে’ সিনেমার সিকুয়ালে তার দুই সন্তান সানি ও ববি দেওলের সঙ্গে জোট বেঁধে রুপালি পর্দায় হাজির হবেন এ অভিনেতা। অনিল শর্মা পরিচালিত ‘আপনে’ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। এ সিনেমায় সাবেক বক্সার বলদেব চৌধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি ভারতীয় বক্স অফিসে হিট করেছিল। ভারতের বাইরেও মোটামুটি ভালো ব্যবসা করেছিল এটি।
ধর্মেন্দ্রর সংগ্রহে আছে বিলাসবহুল সব গাড়ি। বর্তমানে দুষ্প্রাপ্য একটি ফিয়াট গাড়ি আছে তার। এটি তার প্রথম গাড়ি। আরো আছে কোটি রুপির একটি রেঞ্জ রোভার ইভোক, একটি মার্সিডিজ বেঞ্জ এসএল৫০০।
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেছেন ধর্মেন্দ্র। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিজয়িতা ফিল্মস’। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সানি দেওল অভিনীত ‘বেতাব’ এবং ববি দেওল অভিনীত ‘বারসাত’-এর মতো ব্লকবাস্টার সিনেমা প্রযোজনা করেন তিনি। অভিনয় ক্যারিয়ার, রিয়েল এস্টেট ও রেস্তোরাঁসহ নানা ব্যবসা খাতে সচেতন বিনিয়োগের মাধ্যমে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন ধর্মেন্দ্র। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৩৩৫ কোটি রুপি ছাড়িয়েছে।
সূত্র: জিকিউ ইন্ডিয়া










