গত বছরের মতো এবারো কনসার্টের আয়োজন করেছে ‘দ্য স্কুল অব রক ভলিউম’। এবারের আয়োজনের নাম, ‘ফগ প্রেজেন্টস দ্য স্কুল অব রক ভলিউম-২’। আজ আইসিসিবি এক্সপো জোনে এই ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। 

গত বছরের সেপ্টেম্বরে আয়োজন হয়েছিল দ্য স্কুল অব রক। ছয় মাস না যেতেই আবার আয়োজন হচ্ছে এর পরবর্তী পর্ব ‘দ্য স্কুল অব রক ভলিউম ২’। আয়োজক প্রতিষ্ঠান ইটিসি ইভেন্টস জানিয়েছে, ঢাকায় এটি বছরের প্রথম ওপেন এয়ার কনসার্ট। গতবারের মতো এবারের মূল আকর্ষণ নগরবাউল জেমস। দ্য স্কুল অব রক ভলিউম ২-এ আছেন জেমস, সঙ্গে থাকবেন আর্টসেল, ভাইকিংস, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, প্লাজমিক নক ও ব্লু জিন্স। 

ইটিসি ইভেন্টসের সিইও সাজিদ আলী বলেন, ‘ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এ দেশের মানুষের জন্য উৎসবমুখর একটি মাস। সংগীতপ্রেমীদের জন্য এ মাস আরো আনন্দময় করে তোলার জন্যই আমাদের এ অয়োজন। গতবারের আয়োজনে মানুষের সাড়া দেখে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম। আশা করছি, এবারো স্মরণীয় একটি ইভেন্ট উপহার দিতে পারব। সে প্রচেষ্টায় আমাদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। গতবার আমাদের প্রথম ইভেন্ট ছিল। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের আয়োজন আমরা সফল করতে চাই।’

কয়েক যুগ ধরে জেমস মাতিয়ে রেখেছেন সংগীতপ্রেমীদের। তাই রক মিউজিক তারকা জেমস বছরজুড়েই দেশ ও দেশের বাইরে কনসার্টে ব্যস্ত থাকেন। গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর ভক্ত, শ্রোতা ও আয়োজকদের আগ্রহের কারণে সফর শিডিউল বদলাতে হয়েছে তার। এক মাসের বদলে থাকতে হয়েছিল দুই মাস সাতদিন, অংশ নিয়েছিলেন ২৫টি শোয়ে। প্রতিটি শোই ছিল উৎসবমুখর। এছাড়া গত বছরের ডিসেম্বরের শুরুতে দীর্ঘ ১০ বছর পর যুক্তরাজ্যে কনসার্ট মাতিয়েছেন। এরপর দেশে ফিরেই একের পর এক কনসার্টে অংশ নিয়েছেন তিনি। চলতি বছর কনসার্টের সূচনা করেছেন জেমস গত জানুয়ারির শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আর এবার ঢাকায় দ্য স্কুল অব রক ভলিউমের আসরে দেখা যাবে জেমসকে। 

জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভান এ কনসার্টে আসার জন্য তার ভক্তদের আহ্বান জানিয়েছেন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টের প্রস্তুতি হিসেবে চলতি মাসের শুরুতেই শ্রোতাদের জন্য অনলাইনের টিকিট বিক্রি শুরু হয়েছিল। এবার পাঁচটি ক্যাটাগরিতে বিক্রি হয়েছে টিকিট। এবারের কনসার্টের পরিকল্পনায় রয়েছে ১০ হাজার দর্শক। বেলা ৩টা থেকে শিল্পীরা মঞ্চে উঠবেন। তার ১ ঘণ্টা আগে দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে।