সমালোচক ও দর্শক দুই পক্ষকে হতাশ করলেও
’হীরামান্ডি’র বিশাল আয়োজন নিয়ে কারো মতদ্বৈধতা নেই। বরাবরের মতো বিশাল সেট ফেলে ঝলমলে
আবহে গল্প বলছেন সঞ্জয় লীলা বানসালি।
নেটফ্লিক্সের এ সিরিজের জন্য বলিউডের
এ নির্মাতা নিয়েছেন বড় অঙ্কের পারিশ্রমিক। সে বিচারে অভিনেতারা বেশ ম্রিয়মান।
মানি কনট্রোলের প্রতিবেদন অনুযায়ী,
২০০ কোটি রুপি বাজেটে তৈরি হয়েছে ‘হীরামান্ডি’। এর মধ্যে পরিচালক সঞ্জয় লীলা বানসালির
পকেটেই গেছে ৬০-৭০ কোটি রুপি। অবশ্য অর্থের এ অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে
জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
অন্যদিকে দ্বৈত চরিত্রে অভিনয় করার
জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন সোনাক্ষী সিনহা। এ অভিনেত্রী নিয়েছেন দুই কোটি
রুপি। অবশ্য সোনাক্ষীর অর্ধেক পারিশ্রমিক নিয়েছে সিরিজের সবচেয়ে চর্চিত মুখ মনীষা কৈরালা,
তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এক কোটি রুপি। অদিতি রাও হায়দারি নিয়েছেন এক-দেড় কোটি
রুপি।
আরেক অভিনেত্রী রিচা চাড্ডা পেয়েছেন
এক কোটি রুপি পারিশ্রমিক। সঞ্জিদা শেখ ৪০ লাখ ও শরমিন শেহগল পেয়েছেন ৩০ লাখ রুপি।
এছাড়া দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরা ফারদিন খান নিয়েছেন ৭৫ লাখ রুপি।










