হ্যারি পটার বই হিসেবে জনপ্রিয় ছিল আগে থেকেই। কিন্তু এর জনপ্রিয়তা আরো বাড়ে সিনেমা হওয়ার পর। হ্যারি পটারের প্রথম সিনেমা আসে ২০০১ সালে। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারারস স্টোন’ দিয়ে যাত্রা হয় সিনেমার। সিনেমাটি পরিচালনা করেন ক্রিস কলম্বাস। পরের সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস’ও পরিচালনা করেন তিনি। এছাড়া তৃতীয় সিনেমা ‘প্রিজনার অব আজকাবান’ প্রযোজনাও করেছেন। এখন এইচবিও তৈরি করছে হ্যারি পটারের সিরিজ। সম্প্রতি ক্রিস কলম্বাস জানালেন, এ সিরিজে কোনোভাবে যুক্ত হওয়ার ইচ্ছা নেই তার।

সম্প্রতি তিনি নেটফ্লিক্সের ‘থার্সডে মার্ডার ক্লাব’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর প্রচারণায় ছিলেন লন্ডনে। সেখানে তাকে হ্যারি পটার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার ভার্সনটা আমি করেছি। আপনারা তা দেখেছেন। হ্যারি পটারে নতুন কিছু দেয়ার নেই আমার।’

কিন্তু তিনি টিভি সিরিজ নির্মাণের বিরোধী নয়। সম্প্রতি তিনি ‘হোম অ্যালোন’ নতুন করে নির্মাণের বিরোধিতা করেছেন। কিন্তু জাদুর দুনিয়া নতুন করে নির্মাণে কোনো আপত্তি নেই তার। বিশেষত টেলিভিশন সিরিজে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ থাকে এবং বিষয়টি তিনি পছন্দ করেন।

কলম্বাস বলেন, ‘আমরা প্রথম তিনটি বই নিয়ে কাজ করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল পুরো বিষয়গুলো নিয়ে আসার, কিন্তু সে সুযোগ ছিল না। এমনকি প্রথম বইয়ের পর হ্যারি যেভাবে পরিবর্তিত হয়, সে বিষয়ও তুলে আনা সম্ভব হয়নি। এবার হয়তো তা করা যাবে। এমন কিছু দৃশ্য আছে যা আমরা সিনেমায় রাখতে পারিনি। এইচবিও তা পারবে আশা করছি।’

এইচবিওর নির্মাণ নিয়েও তিনি বেশ ইতিবাচক। কেননা তার মতে এরই মধ্যে নতুন টিভি সিরিজের শুটিং থেকে আসা ছবিগুলো দেখে তার নিজের নির্মাণের কথা মনে পড়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে সেই পুরনো বিষয়গুলো আবার নতুন করে আমার সামনে এসেছে।’

হ্যারি পটারের মধ্য দিয়ে ড্যানিয়েল রেডক্লিফের ক্যারিয়ার এগিয়েছিল। তার বেড়ে ওঠা নিয়েও উচ্ছ্বসিত ক্রিস কলম্বাস। পাশাপাশি তিনি জানান, হোম অ্যালোন সিনেমার মধ্য দিয়ে তিনি ও তার টিম অনেক কিছু শিখেছিলেন, যা পরে হ্যারি পটার নির্মাণের সময় কাজে লেগেছে। তিনি বলেন, ‘হোম অ্যালোন নির্মাণের সময় আমি শিখেছি যে শিশু চরিত্রের কাস্টিংয়ে সতর্ক হওয়ার পাশপাশি তাদের বাবা-মায়ের কাস্টিংয়েও সতর্ক থাকা প্রয়োজন। হ্যারি পটার নির্মাণের সময় আমরা এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখেছি।’

টিভি সিরিজটির কাজ খুব দ্রুতই এগোচ্ছে। এখন দেখার বিষয় সিরিজটি কতটা সুন্দর করে নির্মাণ করা হয় এবং দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।

সূত্র ও ছবি: ভ্যারাইটি