এপ্রজন্মের নন্দিত অভিনেতা পার্থ শেখ ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ঈদে তারা একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন। নাটকটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর পার্থ ও তানিয়া বৃষ্টি দুজনই বেশ ভালো সাড়া পান। ঈদ উপলক্ষে দুজনের আরো কয়েকটি নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু শেষমেশ আর হয়নি। তবে এবার ঈদ শেষে পার্থ শেখ ও তানিয়া বৃষ্টি আবারো একসঙ্গে নাটকে কাজ শুরু করেছেন। মেহরাব জাহিদের রচনা ও সোহেল রানা ইমনের পরিচালনায় অভিনয় করছেন তারা। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’।

গত রবি ও সোমবার উত্তরা ও এর আশপাশের এলাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘তানিয়া বৃষ্টি একজন দুর্দান্ত পারফরমার। তার সঙ্গে কাজ করার আগে জেনেছি যে ক্যামেরার সামনে অভিনয়ে অনবদ্য তিনি। ইমন ভাইয়ের নির্দেশনায় আমরা দুজন এবারই প্রথম একসঙ্গে কাজ করেছি।’

দুজনের একত্রে অভিনয় পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘আমাদের বেশ কয়েকটি কাজ করা হবে বলেও করা হয়ে উঠছিল না। অবশেষে একটি কাজ ঈদে প্রচারে এল। ইমন ভাইয়েরটা শেষ করেছি। সামনে আরো দুটি কাজ আছে দুজন ভিন্ন পরিচালকের।’

নতুন নাটকটি নিয়ে বলেন, ‘এ শহরে মেঘেরা একার গল্পটা রোমান্টিক। কিন্তু শেষে কষ্ট আছে। আমি আর বৃষ্টিসহ অন্যান্য যারা আছেন, সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি।’

নাটকটি নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘এ নাটকে আমি দীপা নামের একটি অন্ধ মেয়ের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা সুন্দর, ভালোবাসার গল্প।’

পার্থ শেখের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘পার্থর কাজ যখন দেখেছি, তখন থেকেই ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার। কারণ নতুন যারা অভিনয়ে এসেছেন, তাদের মধ্যে পার্থ খুব ভালো করছে। সত্যি বলতে কি, আমরা একসঙ্গে কাজ করার আগে দুজন সম্পর্কে জেনে নিয়েছি। যে কারণে আমাদের কাজের রসায়নটা এরই মধ্যে বেশ জমে উঠেছে। ইমন ভাইয়ের কাজটা প্রথম কাজের চেয়ে অনেক ভালো হয়েছে। আশা করছি প্রচারে এলে দর্শকের ভীষণ ভালো লাগবে।’

এই শহরে মেঘেরা একা ‘বিন্দুভিশন’-এর প্রযোজনায় নাটকটি প্রযোজনা করেছেন আফরিনা রহমান। পরিচালক সোহেল রানা ইমন জানান, এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর ইউটিউবে দেখা যাবে। উল্লেখ্য, তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ প্রথম মুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে অভিনয় করেন।