হলিউড তারকা জেনিফার লোপেজ জানিয়েছেন, রোমান্টিক কমেডি তার সবসময়ই প্রিয়। বেশকিছু রোমান্টিক কমেডি সিনেমায় কাজ করেছেন তিনি। এ ধারার সিনেমার প্রতি ভালো লাগা থেকেই তার ছবি ম্যারি মি-তে কাজ করা। জেনিফার লোপেজ একাধারে একজন সফল গায়িকা, নায়িকা, প্রযোজক ও উদ্যোক্তা।

ম্যারি মি  সিনেমার জন্য লস অ্যাঞ্জেলেস থেকে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে অংশ নেন জেনিফার। সেখানে রোমান্টিক কমেডি নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘রোমান্টিক কমেডি সিনেমার প্রতি আমার দুর্বলতা রয়েছে, তাই আমি এ ধরনের সিনেমায় বেশি কাজ করেছি। একজন চলচ্চিত্র দর্শক হিসেবে বলতে চাই, আমি রোমান্টিক কমেডি অনেক পছন্দ করি। এ ধারার সিনেমার মধ্যে মেগ রায়ান ও জুলিয়া রবার্টস অভিনীত চলচ্চিত্রগুলো আমার খুব ভালো লাগে। এসব সিনেমার মধ্যে কিছু থাকে সবসময় আমার পছন্দের তালিকায়। এর মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মেট স্যালি  ও প্রিলিউড টু আ কিস সিনেমা দুটি। মেগ রায়ান ও জুলিয়া রবার্টসের এ ধরনের সিনেমা দেখেই আমার বেড়ে ওঠা। আমি তাদের অনেক ভালোবাসি।’

সেকেন্ড অ্যাক্ট ছিল ২০১৮ সালে মুক্তি পাওয়া জেনিফার লোপেজের একটি রোমান্টিক কমেডি সিনেমা। এর চার বছর পর গত পরশু মুক্তি পেল ম্যারি মি। ৫২ বছর বয়সী অভিনেত্রী এ সিনেমা প্রযোজনাও করেছেন। ক্যাট কোইরো সিনেমাটি পরিচালনা করেছেন। বিয়ে ও সামাজিক মাধ্যম নিয়ে একটি আধুনিক প্রেমের গল্পে নির্মিত ম্যারি মি।ওই আয়োজনে জেনিফার আরো বলেন, ‘অনেক দিন পর আমি রোমান্টিক কমেডিতে কাজ করলাম। ব্যাপারটা আমার কাছে অনেকটা ঘরে ফেরার মতো। এ বছর আমি দুটি সিনেমায় কাজ করছি। এর একটি ম্যারি মি  এবং অন্যটি শটগান ওয়েডিং। দ্বিতীয় সিনেমায় আমার সঙ্গে দেখা যাবে জোশ ডুহামেলকে।’ 

জেনিফার লোপেজ এ নিয়ে বলেন, ‘অনেকেই মনে করেন রোমান্টিক কমেডিতে কাজ করা সহজ কিন্তু এটি ভুল ধারণা। এটা বেশ চ্যালেঞ্জিং কাজ। আমরা সবাই জানি, সিনেমার শেষে দুজন লোক একসঙ্গে থাকবে কিন্তু তার আগে আপনি কীভাবে সেটা ভিন্নভাবে তুলে ধরছেন, এটাই মূল চ্যালেঞ্জ।’ 

ববি ক্রসবির গ্রাফিক নভেলের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এতে গায়িকা ক্যাট ভালদেজ চরিত্রে জেনিফার লোপেজ এবং গণিতের শিক্ষক চার্লি গিলবার্টের চরিত্রে অভিনয় করেছেন ওয়েন উইলসন। গতকাল মুক্তি পেয়েছে ২ কোটি ৩০ লাখ ডলার বাজেটের সিনেমা ম্যারি মি।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস