এবছর ভারতের বক্স অফিসে সবচেয়ে সফল শাহরুখ খান। প্রথমদিনের আয়ে ‘পাঠান’-এর ৫৭ কোটি রুপির রেকর্ড ভেঙেছিল ‘জওয়ান’। আয় করেছিল ৭৫ কোটি রুপি। রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল প্রথমদিনে আয় করেছে ৬৩ কোটি রুপির বেশি। জওয়ানের প্রথমদিনের আয় না ছাড়ালেও সিনেমাটি যে সাফল্য দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে এটি তিনদিনের আয়ে ছাড়িয়ে যাবে জওয়ানকে। অ্যানিমেল মুক্তির আগেই এর প্রচুর টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইনে বুকমাইশো প্লাটফর্মে। এর বাইরেও সরাসরি বিক্রি হয়েছে আরো টিকিট। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া না পেলেও দর্শক পছন্দ করেছেন রণবীরের নতুন লুক।
শাহরুখ খানকে এরই মধ্যে বক্স অফিসে ছাড়িয়ে গেছেন রণবীর। জওয়ানের প্রথম দুদিনের আয় ছিল ১২৮ কোটি রুপির বেশি। ‘অ্যানিমেল’ মুক্তির প্রথম দুদিনে আয় করে নিয়েছে ১৩৩ কোটি রুপি। মজার ব্যাপার, অ্যানিমেলের তৃতীয় দিন গেছে গতকাল। শাহরুখ অভিনীত জওয়ান তিনদিনে বক্স অফিসে আয় করেছিল ২০৬ কোটি ৬ লাখ রুপি। অ্যানিমেলের অগ্রিম টিকিট বিক্রি থেকে ধারণা করা হচ্ছে সিনেমাটি তৃতীয়দিন প্রায় ৭০-৭৩ কোটি রুপি সহজেই আয় করবে। সে হিসেবে বলা যায়, শাহরুখের ২০৬ কোটি রুপির রেকর্ড ভাঙতে যাচ্ছেন রণবীর।
রণবীর কাপুরের এ সাফল্যের নানা কারণ আছে। প্রথমত, এ সিনেমায় তার নতুন লুক ও ভায়োলেন্স অনেকে পছন্দ করেছেন। দ্বিতীয়ত, সিনেমাটি বলিউডের হলেও জওয়ানেরই মতো এর নির্মাতা দক্ষিণ ভারতীয় এবং সিনেমাটি তামিলে বেশ ভালো সাড়া পাচ্ছে। অ্যানিমেল এরই মধ্যে প্রথম দিন তেলেগুতে সাড়ে ৮ কোটি রুপি আয় করেছে। তবে তামিল, কন্নড় ও মালয়ালমে এর আয় যথাক্রমে ৪০, ৯ ও মাত্র ১ লাখ রুপি। দ্বিতীয় দিনেও তেলেগু ভার্সন থেকে অ্যানিমেলের আয় হয়েছে সাড়ে ৬ কোটি রুপির মতো।
তিনদিনে ২০০ কোটি রুপি আয় করার বিষয়টি যেকোনো তারকার জন্যই মাইলফলক। ধারণা করা হচ্ছে শাহরুখকে ছাড়িয়ে যাবেন রণবীর, কিন্তু সেটা যদি না-ও হয়, এক সিনেমা দিয়েই বছরের দ্বিতীয় সেরা হয়ে থাকবেন তিনি। অ্যানিমেল সত্যিই তার কামব্যাক ফিল্ম হয়ে গেল।
সূত্র: লাইভমিন্ট










