দেশের জনপ্রিয় নির্মাতা হিমু আকরামের রচনা ও পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক নাটক ঘুরিতেছে পাঙ্খা। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।
অভিনয়ে থাকছেন আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, সাদ্দাম মাল, আরফান আহমেদ, রোজী সিদ্দিকী, মায়মুনা মম, ফারুক আহমেদসহ আরো অনেকে।
চন্দনা গ্রামের অদ্ভুত সব চরিত্র ও ঘটনাপ্রবাহ নিয়েই গড়ে উঠেছে এ গল্প। গ্রামের মানুষ যেন বৈদ্যুতিক পাখার মতো, এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারে না। কেউ কথা না বললেই ঝগড়া বাধে, কেউ না কেউ রেগে যায়। এমনই এক গ্রামের তিন বন্ধু বাবুল, মোহন ও বাচ্চু মিলে খুলেছে ডিস সংযোগের ছোট্ট ব্যবসা ‘পাঙ্খা’।
তিন বন্ধুর স্বপ্ন, হাসি-কান্না আর জীবনের টানাপড়েন ঘিরেই এগিয়ে চলে নাটকের কাহিনী। ‘ইঞ্জিনিয়ার বাচ্চু’ নামেই সবার কাছে পরিচিত বাচ্চু টিভি থেকে টিউবওয়েল, সব মেরামত করতে পারে। কিন্তু নিজের জীবন ঠিক করা যেন তার পক্ষে অসম্ভব। স্বপ্ন তার, নিজের কেনা হাতির পিঠে চড়ে বিয়ে করা!
অন্যদিকে মোহন একেবারেই আলাদা ধাঁচের লোক। সে চটপটে, হিসেবি আর সুযোগ বুঝে ম্যানেজ করে ফেলে সবকিছু। বাবুল যেন গ্রামের কুংফু মাস্টার! ডিস লাইন নিয়ে কোনো ঝামেলা হলে সে হাজির হয় নিজের দল নিয়ে।
এ তিনজনের জীবনের মতোই ‘পাঙ্খা’ ঘুরতে থাকে এক বাড়ি থেকে অন্য বাড়িতে, এক গল্প থেকে আরেক গল্পে।
নাটকের অন্য চরিত্রগুলোর মধ্যেও আছে রসিকতা আর বাস্তবতার মিশেল।
সব মিলিয়ে চন্দনা গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, হাস্যরস, প্রেম, প্রতারণা ও ঝগড়াঝাঁটি নিয়েই নির্মাণ হয়েছে ব্যতিক্রমধর্মী এ ধারাবাহিক নাটক ঘুরিতেছে পাঙ্খা।
হিমু আকরাম বলেন, ‘নাটকটিতে আমরা গ্রামের মানুষের সহজ-সরল জীবনযাপনকে একরাশ হাস্যরসের মোড়কে তুলে ধরার চেষ্টা করেছি। ঘুরিতেছে পাংঙ্খা মূলত মানুষের অবিরাম ঘুরে বেড়ানো জীবনেরই প্রতিচ্ছবি।’










