দেশে উপমহাদেশের সিনেমা আমদানি করে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে আর কোনো বাধা থাকছে না। তথ্য মন্ত্রণালয়ের লিখিত অনুমতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরে ১০ এপ্রিল এ-সংক্রান্ত একটি আদেশ দিয়েছেন। অফিস আদেশে বলা হয়, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানিসংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতে বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপঅনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশী চলচ্চিত্র রফতানির বিপরীতে সাফটাভুক্ত দেশ হতে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির জন্য শর্ত সাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।

যে পাঁচ শর্তেআমদানির অনুমতি দেয়া হয়েছে:

ক. বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশকরা উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন;

খ. উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র বাংলা সাবটাইটেলসহ পরীক্ষামূলকভাবে শুধু দুই বছরের জন্য রফতানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে;

গ. প্রথম বছর ১০টি বাংলাদেশী চলচ্চিত্র রফতানির বিপরীতে সমানসংখ্যক চলচ্চিত্র আমদানি করতে পারবে;

ঘ. আমদানীকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সনদ গ্রহণ করতে হবে; এবং

ঙ. বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গা পুজার সপ্তাহে এ আদেশবলে আমদানীকৃত চলচ্চিত্র প্রদর্শন করা যাবে না।